
শেষ আপডেট: 19 October 2023 18:37
দ্য ওয়াল ব্যুরো: রাত পেরোলেই মহাষষ্ঠী। উমার বাপেরবাড়ি আসার সময় হয়ে গেল। এ বছর যদিও কলকাতায় প্রথমা থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ভিড়। তবে সাধারণ মানুষ যতই আগে থেকে ঠাকুর দেখা শুরু করুন বাংলা ধারাবাহিকে পুজো কিন্তু শুরু হয় বাস্তবে ঠাকুর বিসর্জনের পরই।
ঠিক যেমন নিম ফুলের মধু ধারাবাহিকের কথাই ধরা যাক। ধারাবাহিকে সবে মাত্র শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। কয়েকদিন আগেই সৃজন-পর্ণার আদালত কাণ্ড নিয়ে মুখর ছিল দত্তবাড়ি। তবে আপাতত পুজোর মুখে ধামাচাপা পড়েছে সৃজন পর্ণার কোর্টকাছারির অধ্যায়।
দত্তবাড়িতে আপাতত পুজোর হিড়িক। প্রতিবারের মতোই এবারেও পর্ণার উদ্যোগেই দত্ত বাড়িতে দুর্গা পুজোর পরিকল্পনা করা হয়েছে। তবে সেই পরিকল্পনায় জল ঢালতে রয়েছে ইশা। বনেদি বাড়ি দত্তবাড়িতে একসময়ে পুজোয় কামান দাগা হত, হত বাইজি নাচ, পর্ণার পরিকল্পনা সেই সমস্ত কিছু ফিরিয়ে আনার।
সৃজন পর্ণার কোর্টরুম নাটকের জেরে পুজোর আগের সপ্তাহে টিআরপি তালিকায় ২ নম্বরে উঠে এসেছে 'নিম ফুলের মধু'। এখন দেখার পুজোর সপ্তাহে দত্ত বাড়িতে পুজোর তোড়জোড় টিআরপি তালিকায় তাদের জায়গা অটুট রাখতে পারে কিনা। পাশাপাশি সমস্ত বাধা কাটিয়ে কীভাবে পর্ণা দত্ত বাড়ির দুর্গা পুজো করে প্যান্ডেল হপিংয়ের মাঝে সেদিকেও নজর থাকবে দর্শকদের।