
শেষ আপডেট: 13 November 2023 20:23
দ্য ওয়াল ব্যুরো: সেই কবে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, 'কারার ওই লৌহ কপাট...' গানটি। গানের কথা, সুর--- এখনও মানুষের গায়ে কাঁটা দেয়। কিন্তু সম্প্রতি সেই গানটিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'পিপ্পা'তে গানটি ব্যবহার করা হয়েছে। তবে গানের কথা এক থাকলেও বদলে ফেলা হয়েছে সুর, তাল, লয়, ছন্দ—সবকিছুই। আর সেই নিয়েই ভারত-বাংলাদেশ দুই দেশেই উঠেছে নিন্দার ঝড়। বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন ছবির নির্মাতারা!
গত শুক্রবার, ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’ ছবিটি। ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী অবলম্বনে ছবিটি বানিয়েছেন পরিচালক পরিচালক রাধাকৃষ্ণ মেনন। ছবি মুক্তির পর থেকে 'পিপ্পা' কেমন হয়েছে, সেই নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচিত হয়েছে নজরুলগীতি 'কারার ওই লৌহ কপাট' গানটি! কেন এভাবে সুর, তাল বদলে ফেলা হল, সেই নিয়ে সরব সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরাও।
সোমবার বিকেলে অবশেষে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ছবির নির্মাতারা। এই ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। সোশ্যাল মিডিয়ায় ছবির নির্মাতাদের একটি বিবৃতি পোস্ট করেছেন তিনি। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে স্বত্ব কেনার পরই শিল্পের খাতিরে গানটিকে পরিবর্তন করা হয়েছে।
নির্মাতারা এও বলেছেন, কাজী নজরুল ইসলাম ও তাঁর সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সৃষ্টি তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বানানো হয়েছে, যাঁরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাঁদের অনুভূতি, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই এই অ্যালবাম তৈরি করা হয়েছে।
বিবৃতির পরতে পরতে নির্মাতারা এটাই বোঝাতে চেয়েছেন, 'প্রয়োজনীয় স্বত্ব' কেনার পরই এই গানের কথা ব্যবহার ও সুর পরিবর্তন করা হয়েছে। নির্মাতারা আরও জানিয়েছেন, কাজী নজরুল ইসলামের গানটির প্রতি শ্রোতাদের আবেগকে আমরা সম্মান করি। সেই আবেগে যদি আঘাত করে থাকি তবে আমরা ক্ষমাপ্রার্থী!
Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023
নির্মাতারা 'ক্ষমা প্রার্থনা' করলেও সুরকার এ আর রহমানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি, নির্মাতাদের এই বিবৃতির পর নজরুল পরিবারের তরফেও বক্তব্য পাওয়া যায়নি।