বিক্রমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তিনি লেখেন, "একজন গুণী শিল্পীকে হারিয়ে ফেললাম আমরা।"

বিক্রম গাইকড়
শেষ আপডেট: 11 May 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রখ্যাত মেকআপ আর্টিস্ট বিক্রম গাইকড়। এ দিন অর্থাৎ ১০ মে মুম্বইয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে, এ দিন ৫টা নাগাদ দাদারে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
বিক্রমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। তিনি লেখেন, "একজন গুণী শিল্পীকে হারিয়ে ফেললাম আমরা। ভারতীয় সিনেমাতে তাঁর অবদান অনস্বীকার্য। আমার ও শিবসেনার তরফে তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা রইল।"
তাঁর মৃত্যুতে মন খারাপ বলিউড-টলিউডেরও। 'পানিপথ', 'বেল বটম', 'উরি', 'দঙ্গল', 'পিকে', 'কেদারনাথ', 'থাগস অব হিন্দুস্থান' সহ বেশ কিছু হিট ছবির রূপটানের দায়িত্বে ছিলেন বিক্রম। শুধু বলিউডই নয়, টলিউডেও কাজ করেছেন বিক্রম। সাজিয়েছেন দেব ও প্রসেনজিৎকে। প্রযোজক রানা সরকার দ্য ওয়ালকে জানান, জাতিস্মর ও না মুক্তিপ্রাপ্ত ছবি 'ধূমকেতু'র মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম।
ধূমকেতু ছবিতে দেবের লুক নিয়ে খুব আলোচনা হয়েছিল। ২০১৬ সালে শুট হওয়া ওই ছবির সময়ে প্রস্থেটিক মেকআপের এত চল ছিল না বললেই চলে। ভোর তিনটে থেকে শুরু হত দেবের মেকআপ। চলত প্রায় সাত-আট ঘণ্টা ধরে। রানার আফসোস, "আগামী দিনে হয়তো এই ছবি মুক্তি পাবে। তবে একটাই খারাপ লাগা, বিক্রম ছবিটি দেখে যেতে পারল না।"