
শেষ আপডেট: 2 June 2022 12:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গান গাইতে এসে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (KK) ওরফে কেকে। ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। এসিও বন্ধ রাখা হয়েছিল। অভিযোগ, সাধ্যের চেয়ে বেশি দর্শক ঢুকেছিল কেকে-র অনুষ্ঠানে। ফলে ভিড় উপচে পড়েছিল। গান গাইতে গাইতে দরদর করে ঘামছিলেন কেকে। এসব শুনে কেকে-র মৃত্যুর জন্য 'সিটি অফ জয়'কেই দায়ী করলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা (Nandita Puri)। ডাক দিলেন বাংলা বয়কটের।
আরও পড়ুন: কেকে-র মৃত্যুর তদন্ত করুক কোনও কেন্দ্রীয় সংস্থা, অমিত শাহকে চিঠি সৌমিত্রর
নন্দিতার (Nandita Puri) অভিযোগের তির রয়েছে নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানের উদ্যোক্তাদের দিকেই। বিশৃঙ্খলা থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। নন্দিতা পুরী কলকাতায় শিল্পীদের অনুষ্ঠানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ছিঃ পশ্চিমবঙ্গ! কলকাতাই কেকে-কে খুন করেছে। আর সেখানকার সরকার শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করে বিষয়টা ধামাচাপা দিতে চাইছে। নজরুল মঞ্চে মাত্র আড়াই হাজার দর্শকের জন্য জায়গা ছিল। সেখানে সাত হাজার মানুষ গিয়েছিলেন! এসিও বন্ধ ছিল। ব্যবস্থাপনা নিয়ে গায়ক ৪ বার অভিযোগ করেছিলেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কোনও চিকিৎসার ব্যবস্থাও ছিল না ওখানে। প্রচুর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হয়েছে।
এখানেই শেষ নয়, নন্দিতা ফেসবুকে আরও লিখেছেন, কেকে-র মৃত্যুর সিবিআই তদন্ত দরকার। আর ততদিন পর্যন্ত বলিউডের উচিত বাংলাকে বয়কট করা।

এদিকে কেকে-র মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তাঁর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে কেকে-র। তাঁর দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছিল। তার কোনও চিকিৎসা হয়নি, অবহেলা করা হয়েছিল। সেদিন হোটেলে ফিরে যখন কেকে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তৎক্ষণাৎ যদি কার্ডিওপালমোনারি রিসাকসিশন (সিপিআর) করা যেত তাহলে হয়তো তাঁকে বাঁচানো যেত।