
শেষ আপডেট: 31 August 2022 13:09

ঋতুপর্ণ তাঁর প্রথম ছবির জন্য অভিনেত্রী চেয়েছিলেন মুনমুন সেনকে (Munmun Sen)। নব্বই দশকে দাঁড়িয়ে একজন নবাগত আনকোরা পরিচালকের এ দিবাস্বপ্ন বৈকী। এয়ারপোর্টে ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) মুনমুনকে তাঁর প্রথম ছবিতে অভিনয় করার অফার দেন। মুনমুন ঋতুপর্ণকে বলেন, "এখানে এয়ারপোর্টে কথা বলবেন! বাড়িতে আসুন"।
ছবির নাম 'হীরের আংটি'। জমিদার বাড়ির মেজ বৌ। যে আমেরিকায় থাকে। পুজোয় বাড়ির মেজ ছেলে-বৌমা আর নাতনি এসছে গ্রামের জমিদার বাড়ির পুজোতে। এই আধুনিকা বৌমার চরিত্রে অভিনয় করেন মুনমুন। ঋতুর 'হীরের আংটি'র বড় পর্দায় মুক্তি পাবার সৌভাগ্য ঘটেনি। এই ছবি ঋতুপর্ণকে লাইমলাইটও দেয়নি। দূরদর্শনে মুক্তি পায় ছবিটি।

এরপরের ছবি 'ঊনিশে এপ্রিল'। যে ছবি দিয়ে ঋতুপর্ণ ঘোষ নামটি সারা দেশে বিপ্লব ঘটিয়ে দিল। বাঁক বদল ঘটল বাংলা ছবির। ছবির নায়িকা দেবশ্রী রায় (Debashree Ray) পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। সংবাদ শিরোনামে উঠে এলেন ঋতুপর্ণ। এরপর আর ঋতুপর্ণকে পিছন ফিরে তাকাতে হয়নি। কয়েক বছর পর ঋতুপর্ণর 'অসুখ' ছবিতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী।

কিন্তু বহু বছর পর ঋতুপর্ণর আরো একটি ছবিতে একই সঙ্গে অভিনয় করেছিলেন মুনমুন সেন ও দেবশ্রী রায়। অথচ যা কখনও প্রচারের আলোয় আসেনি। টলিউডের দুই স্টার নায়িকা ঋতুপর্ণের ছবিতে কাজ করেও মুখ দেখাবার সুযোগ পাননি বড় পর্দায়।

ছবির নাম 'আবহমান'। শুনলেই মনে হয় এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন দুই অভিনেত্রী মমতা শংকর ও অনন্যা চ্যাটার্জী। অনন্যা এই ছবিতে অভিনয় করে চলে আসেন লাইমলাইটে, পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। তাহলে 'আবহমানে' দেবশ্রী আর মুনমুন কোথায়! খুব জানতে ইচ্ছে হয়। মুনমুনের ছোট মেয়ে রিয়া সেন এই ছবিতে তুখোড় অভিনয় করেছিলেন মমতা শংকরের পুত্রবধূর চরিত্রে।
'আবহমান' ছবির শুরুর গল্পটা মনে পড়ে?
অনিকেত একজন বর্ষীয়ান সফল চিত্রপরিচালক। যিনি মারা গেছেন ছবির শুরুতেই। ছবির বেশিরভাগ গল্পটাই তাই ফ্ল্যাশব্যাকে বর্ণিত হবে। অনিকেতের ভূমিকায় দীপঙ্কর দে। যদিও ছবিতে অনিকেতের মৃতদেহ দেখানো হয়নি। কিন্তু পরিচালকের বাড়ির সেদিনকার পটভূমি তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। একে একে টালিগঞ্জ পাড়ার সমস্ত শিল্পী অনিকেতকে দেখতে আসছেন। সমবেদনা জানাচ্ছেন অনিকেতের স্ত্রী দীপ্তি ও ছেলে অপ্রতিমকে।

কয়েকজন টালিগঞ্জ আর্টিস্ট নিজেরাই নিজেদের ভূমিকায় অভিনয় করেছিলেন এই দৃশ্যে। যেমন ছবিতে দেখা গেছিল পরিচালক সুদেষ্ণা রায় (ঝুমু) বা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়কে।
ঠিক এই দৃশ্যেই দেবশ্রী রায় ও মুনমুন সেন অভিনয় করেছিলেন নিজেদের চরিত্রেই 'আবহমান' ছবিতে। পরিচালক অনিকেতের চরিত্রটি অনেকটা ছিল সত্যজিৎ রায়ের ছায়ায় তৈরী। বিখ্যাত পরিচালকের মৃত্যুর পর বিখ্যাত অভিনেত্রীরা শ্রদ্ধা জানাতে এসে বাইট দিচ্ছেন মিডিয়ার কাছে। ছবিতে ছিল দেবশ্রী ও মুনমুনের ছোট্ট উপস্থিতি। কিন্তু এমন গেস্ট অ্যাপিয়ারেন্স ছবিতে আকর্ষণীয় বৈ কী। ছবিতে শ্যুটিংও করেছিলেন দেবশ্রী ও মুনমুন।
কিন্তু দেবশ্রী-মুনমুনের দৃশ্যটি ছবি সম্পাদনার সময় বাদ দেন ঋতুপর্ণ। ঋতুপর্ণ যা মনে করেছিলেন তাই করেছিলেন। এডিটিং এ বাদ পড়েন দুই অভিনেত্রী। কিন্তু দুই নায়িকার বন্ধুত্বপূর্ণ উপস্থিতি ও সহযোগিতার জন্য ওঁদের নাম দুটো ছবির টাইটেল কার্ডে বিশেষ অবদানে বিভাগে রাখা হয়েছিল।
