
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 December 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: শক্তিমান চরিত্রে অভিনয়ের পর থেকেই ঘরে ঘরে পরিচিত মুখ মুকেশ খান্না। তবে সম্প্রতি তাঁর কিছু মন্তব্য নিয়ে তিনি আবার নতুন করে শিরোনামে উঠে এসেছেন। এর আগে সোনাক্ষী সিনহাকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছিল। এবার অভিনেতা মুখ খুলেছেন রণবীর কাপুর এবং তাঁর আসন্ন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ খান্না নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রের কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 'এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি কিছু বললেই তা নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয় এবং এতে আমার যে সুনাম রয়েছে, তাতে প্রভাব পড়ে। সম্প্রতি আমি জ্যাকি শ্রফের ছেলেকে নিয়ে কিছু বলেছিলাম, আর সেটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আসলে আমি যা ভাবি, তা সোজাসুজি বলে দিই। কিন্তু রামায়ণ যাঁকে নিয়ে তৈরি হবে, তাঁর তুলনা অরুণ গোভিলের সঙ্গে হওয়া অবশ্যম্ভাবী। মানুষ এখনও রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর বড় ভক্ত।'
এখানেই শেষ নয়, মুকেশ খান্নাকে প্রশ্ন করা হয়েছিল, ভগবান রামের চরিত্রের জন্য তাঁর মতে উপযুক্ত অভিনেতা কে হতে পারেন? জবাবে তিনি বলেন, 'অভিনেতা অরুণ গোভিল এই চরিত্রে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন, যা আজও সবার মনে রয়েছে। আমি শুধু বলতে পারি, যে রামের চরিত্রে অভিনয় করবে, তাকে সত্যিই রামের মতো হতে হবে।'
তিনি আরও বলেন, 'এমন কেউ যেন এই চরিত্রে না আসে, যার ব্যক্তিত্ব রাবণের মতো। যদি সে বাস্তব জীবনে বদমেজাজি বা গুন্ডা স্বভাবের হয়, তবে তা পর্দায় ফুটে উঠবে। অভিনয় দিয়েও সেটাকে ঢাকা সম্ভব নয়। রামের চরিত্রে অভিনয়ের জন্য পার্টি বা মদ্যপানের মতো অভ্যাস ত্যাগ করতে হবে বলেই আমার মনে হয়। তবে, রামের ভূমিকায় কে অভিনয় করবেন তা ঠিক করার অধিকার আমার নেই।'