
বিয়ে নিয়ে কী বললেন জুন?
শেষ আপডেট: 18 April 2025 18:27
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেতেই খবরটা সামনে এসেছিল। বিয়ে করছেন দিলীপ ঘোষ। তোলপাড় বঙ্গ রাজনীতি। সকাল থেকেই বিজেপি শীর্ষনেতৃত্বের ভিড় দিলীপের নিউটাউনের আবাসনে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের জুন মালিয়া। যদিও সে বার জুনের বিপরীতে দাঁড়িয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল জুনের। বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর?
দ্য ওয়ালের ফোন ধরেই জুন বলেন, "আমি তো ভীষণ হ্যাপি। এটা এ বছরের টপ খবর। বিয়ে সুন্দর ভাবে হোক। আজ ওঁরা একদম প্রাইভেট ভাবে বিয়ে করছেন। তবে দিলীপ দা আর রিঙ্কু বৌদির কাছে এইটুকুই আমার আশা রইল যে সপ্তাহ তিনেকের মাথায় আমাদের যেন সুন্দর একটা রিসেপশন দেয়। কারণ দিলীপদার বিয়েতে আমরা খাব না, এটা হতেই পারে না।"
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দিলীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল জুনের। রাজনৈতিক বিতণ্ডা হলেও এর আগে দু'জন দু'জনের প্রশংসায় মেতেছিলেন। এমনকি ২০২৪-এ তাঁর বিপরীতে দিলীপবাবুকে প্রার্থী হিসেবে না পাওয়ার আক্ষেপও জানাতে দেখা গিয়েছিল তাঁকে।
তিনি আরও যোগ করেন, "ওঁর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। উনি আমার এলাকার প্রাক্তন সাংসদ ছিলেন। ওঁকে আজীবন বড়দা হিসেবেই পেয়েছি। রাজনীতি রাজনীতির জায়গায়, একজন মানুষ হিসেবে দিলীপদা আমার পছন্দের। এটুকুই বলতে চাই, খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন দু'জনে। ওঁদের আগামী দিনের শুভেচ্ছা রইল।"