মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোঁসলের বিয়ে ঘিরে বিতর্ক।

ফাইল চিত্র
শেষ আপডেট: 14 March 2026 17:41
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির শুটিং করতে গিয়েই হঠাৎ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ (Kumbh Girl Monalisa) মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)। পরিবারের অমতে প্রেমিক ফরমান খানের সঙ্গে বিয়ে করাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মেয়েকে বাড়ি ফেরানোর দাবিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের দ্বারস্থ হয়েছেন মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে।
পঁচিশ সালের মহাকুম্ভই বদলে দিয়েছিল মোনালিসার জীবন। প্রয়াগরাজে পাথরের মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন এই বিড়ালাক্ষী কিশোরী। খারগাঁওয়ের বাসিন্দা মোনালিসা সেই সময়ই আলোচনার কেন্দ্রে চলে আসেন। মহাকুম্ভের ভাইরাল হওয়া সেই মুহূর্ত থেকেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। এমনকি সিনে জগত থেকেও ডাক পান তিনি।
পরিবারের দাবি, মোনালিসা নিজেই জানিয়েছিলেন যে তিনি দুটি সিনেমায় অভিনয় করছেন। পাশাপাশি অভিনয় ও নাচের প্রশিক্ষণও নিচ্ছেন, যাতে ভবিষ্যতে তাঁর সিনেমার কেরিয়ার গড়ে তুলতে সুবিধা হয়। কিন্তু এরপরই ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা।
গত বুধবার তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় পরিবারের বিরুদ্ধে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন মোনালিসা। তার পরেই ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক ফরমান খানের সঙ্গে কেরলের একটি মন্দিরে হিন্দু রীতিতে মালাবদল এবং সাতপাক ঘুরে বিয়ে করেন তিনি। জানা গিয়েছে, স্থানীয় বাম প্রশাসনের হস্তক্ষেপেই ফরমান ও মোনালিসার এই বিয়ে সম্পন্ন হয়। এমনও দাবি করা হয়েছে যে, এই বিয়ের অনুষ্ঠানে নাকি কেরল সরকারের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন।
এই খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মোনালিসার বাবা জয়সিংহ ভোঁসলে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর মেয়ে সারা দেশে পরিচিতি পেয়েছে। তিনি কখনও ভাবতেও পারেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। তাঁর অভিযোগ, ফরমান খান প্রতারণা করে তাঁর মেয়েকে ফাঁদে ফেলেছে এবং এটি স্পষ্টতই ‘লাভ জেহাদ’-এর ঘটনা। তাই তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাঁর মেয়েকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হয়।
তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন মোনালিসা ও তাঁর স্বামী ফরমান খান। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরমান বলেন, তাঁদের বিয়েকে ‘লাভ জেহাদ’ বলা ঠিক নয়। তাঁর বক্তব্য, সব ধর্ম সমান এবং দু’জনেই নিজেদের ধর্ম পালন করবেন। মোনালিসা তাঁর ধর্ম মেনে চলবেন, আর তিনি নিজের ধর্ম।
ফরমান আরও জানান, তিনি মন্দিরেও যান আবার মসজিদেও যান। তাঁর মতে, সব ধর্মের প্রতি সম্মান থাকা উচিত। তিনি বলেন, তিনি ও মোনালিসা দু’জনেই শিল্পী এবং মানুষের মধ্যেই তাঁদের পরিচয় সীমাবদ্ধ। কেরলে ধর্মের বিভেদ নেই বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, কেরলে সবাই মানুষকে মানুষ হিসেবেই দেখে, আর সেই কারণেই কেরল তাঁর কাছে সেরা জায়গা।
এই সাংবাদিক বৈঠকে মোনালিসাও উপস্থিত ছিলেন। তবে তিনি এদিন কোনও মন্তব্য করেননি। অন্যদিকে মেয়েকে বাড়ি ফেরানোর দাবিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে কাকুতি-মিনতি জানিয়েছেন জয়সিংহ ভোঁসলে।