দ্য ওয়াল ব্যুরো: এ আর রহমানের অসাধারণ সৃষ্টি ‘মাসাক্কলি’-র রিমেক ভার্সন রিলিজ করেছে টি সিরিজ। তানিষ্ক বাগচীর পরিচালনায় নতুন রিমিক্স গানটি গেয়েছেন সাচেত ট্যান্ডন এবং তুলসী কুমার। নতুন গান রিলিজ হওয়ার পর থেকেই সমালোচনা ঝড় বইছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ক্ষোভ উগরে দিয়েছেন আসল গানের গীতিকার প্রসূন যোশী। টুইট করে ‘অরিজিনাল মাসাক্কলি’ শোনার কথা বলেছেন সুরের জাদুকর এ আর রহমানও।
এবার মুখ খুললেন ‘মাসাক্কলি’-র গায়ক মোহিত চৌহান। তাঁর কথায়, “আমি বুঝতে পারছি রহমান স্যারের কতটা খারাপ লেগেছে। কারণ আমার নিজের সঙ্গেও তাই হয়েছে। নতুন গানের কিছুটাই শুনেছি মাত্র। তাতেই হতাশ হয়েছি। একজনের অনন্য সৃষ্টি নিয়ে নতুন কিছু বানানোর আগে অন্তত তাঁর অনুমতিটুকু নেওয়ার প্রয়োজন ছিল। একবার আলোচনা করা দরকার ছিল। তবে এক্ষেত্রে সেসব কিছুই হয়নি।“
মোহিত বলেছেন, “যা হয়েছে খুব অন্যায় হয়েছে। প্রসূন স্যার ইতিমধ্যেই টুইট করে বলেছেন সবটাই। এই রকম গান তো রাতারাতি তৈরি হয়ে যায় না। এর পিছনে থাকে অনেকের অনেক পরিশ্রম। রহমান স্যারও টুইট করেছেন। আশা করি সকলে আসল মাসাক্কলি-ই শুনবেন।“ মোহিতের কথায় তিনি ভাগ্যবান যে এমন একটা গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল তাঁর।
‘মাসাক্কলি’-র গায়ক আরও বলেছেন যে একজন সৃষ্টিকর্তার কাছে তাঁর সব সৃষ্টির সন্তানসম। তাই সেটা নিয়ে কাটাছেঁড়া করার আগে সৃষ্টিকর্তার অনুমতি না নেওয়া মানে তাঁকে অসম্মান করা। মোহিতের কথায়, “কত লোকের পরিশ্রমের ফসল ছিল এই গানটা। প্রসূন স্যারের লেখা, রহমান স্যারের কম্পোজিশন সবকিছু নেই এভাবে ছেলেখেলা করাটা ঘোরতর অন্যায়।“
প্রসঙ্গত, হালফিলে বলিউডের জন্য এ আর রহমান যত গান কম্পোজ করেছেন তার মধ্যে অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় ‘মাসাক্কলি’। ২০০৯ সালে রিলিজ হয়েছিল রাকেশ ওমপ্রকাশ মেহেরার ছবি ‘দিল্লি-৬’। ছবির প্রতিটি গানই অসামান্য। কিন্তু এ আর রহমান ‘মাসাক্কলি’-কে একটা আলাদাই মাত্রা দিয়েছিলেন। দর্শক সাক্ষী হয়েছিল ‘রহমানিয়া ম্যাজিক’-এর। সেই গানের রিমেক বা রিমিক্স যাই রিলিজ হোক না কেন তা যে দর্শকমহল ভালভাবে নেননি সেতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তাঁরা। টি-সিরিজ থেকেই রিলিজ হয়েছিল অরিজিনাল গান। তারপরেও কী ভাবে সেই টি-সিরিজই এমন রিক্রিয়েশনের অনুমতি দিল তাও আবার অরিজিনাল সৃষ্টিকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়া, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।