দ্য ওয়াল ব্যুরো: রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ফিল্ম ব্যবসায় জড়িত থাকার অভিযোগের মধ্যেই বিস্ফোরক নালিশ জানিয়ে মডেল সাগরিকা সোনা সুমন ভাইরাল ভিডিওতে দাবি করেছিলেন, শিল্পা শেট্টির স্বামী অনলাইন অডিশনে তাঁকে নগ্ন হতে বলেছিলেন। সাগরিকা বোমা ফাটানোর পর একাধিক মডেল, অভিনেতা কোনও না কোনও সময় রাজের পর্নোগ্রাফি ওয়েব ব্যবসার ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা খোলাখুলি জানিয়েছেন। পর্নোগ্রাফি মামলায় রাজ গ্রেফতার হয়েছেন, বর্তমানে রয়েছেন পুলিশ হেফাজতে। কিন্তু ব্যবসায়ী রাজের ‘অন্ধকার’ চেহারা প্রকাশ্যে আনার জন্য কি মূল্য দিতে হচ্ছে সাগরিকাকে? তিনি একটি ভিডিওতে চাঞ্চল্যকর দাবি করেছেন, তাঁকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কল করে ভয় দেখানো হচ্ছে, অশালীন ভাষায় হুমকি দিয়ে বলা হচ্ছে, ধর্ষণ করা হবে!
সাগরিকা বলেছেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোন পাচ্ছি। মানসিকভাবে বিপন্ন, বিপর্যস্ত রয়েছি। আমায় খুন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। অনেকে একাধিক অচেনা নম্বর থেকে কল করে বলছে, রাজ কুন্দ্রা কী অন্যায় করেছেন! আমি ওদের কারবার বন্ধ করে দিয়েছি বলে অভিযোগ করা হচ্ছে। ওরা এমন কথাও বলছে যে, তোমরা পর্ন ছবি দেখ বলেই তো আমরা বানাই! জীবন বিপন্ন বোধ করছেন, জানিয়ে সাগরিকার সংযোজন, এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
সাগরিকা প্রথম যখন দাবি করেন, রাজ তাঁকে ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেন, কিন্তু নগ্ন হয়ে অডিশন দিতে বলেন, শোরগোল ছড়িয়ে পড়ে। সাগরিকা বলেন, ২০২০র আগস্টে উমেশ কান্তের ফোন পাই। তিনি রাজের প্রযোজনা করা ওয়েব সিরিজে অভিনয়ের অফার দেন। ভিডিও কলে যোগ দিলে তিনি দাবি করেন, আমায় নগ্ন হতে হবে। আমি প্রত্যাখ্যান করি। গত ফেব্রুয়ারিতে সাংবাদিক বৈঠক করেও সাগরিকা এই অভিযোগ করেন।
রাজকে গত সোমবার মুম্বই পুলিশ গ্রেফতার করে পর্ন ছবি বানিয়ে মোবাইলে স্ট্রিমিংয়ের অভিযোগে। মুম্বই পুলিশ মঙ্গলবার অপরাধ দমন শাখার প্রপার্টি সেলকে জানায়, রাজ সহ ১১ জনকে তারা এ ব্যাপারে গ্রেফতার করেছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বলেন, মনে হচ্ছে উনিই প্রধান চক্রী, এ ব্যাপারে যথেষ্ট তথ্য আমাদের হাতে আছে।