টেলিপাড়ায় এমন নাটকীয় তরজা বিরল। কিছু দিন ধরেই কানাঘুষো— জনপ্রিয় ধারাবাহিকের নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যে নাকি জমেছে উত্তেজনা।

জীতু কমল-দিতিপ্রিয়া রায়
শেষ আপডেট: 8 August 2025 18:05
দ্য ওয়াল ব্যুরো: টেলিপাড়ায় এমন নাটকীয় তরজা বিরল। কিছু দিন ধরেই কানাঘুষো— জনপ্রিয় ধারাবাহিকের নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যে নাকি জমেছে উত্তেজনা। ফিসফাস বেড়ে গিয়েছিল এতটাই যে শোনা যাচ্ছিল, নাকি জীতুকে বাদ দেওয়ারও চিন্তাভাবনা চলছে! গুঞ্জনের ঢেউ টিআরপির মতোই তুঙ্গে, আর দর্শকের মনে শঙ্কা— তবে কি বদলে যাবে তাঁদের প্রিয় অনস্ক্রিন জুটি?
এই অবস্থায় মুখ খুললেন জীতু নিজে। জানালেন, তাঁকে এখনও কিছু জানানো হয়নি। প্রতিদিনের মতোই ঠিক সময়ে শুটিংয়ে যাচ্ছেন তিনি। প্রযোজক বা চ্যানেল যদি কোনও সিদ্ধান্ত নেয়, সেটার কথা তাঁরাই বলতে পারবেন। কিন্তু এখানেই থামেননি অভিনেতা। নিজের ফেসবুক পোস্টে দৃঢ় ভাষায় লিখেছেন— "ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর মারাত্মক অভিযোগ এসেছে, কিন্তু আমি তা ব্যক্তিগতভাবে সামলাচ্ছি। এজন্য আমি এই প্রজেক্ট ছাড়ব না। প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আমি আলাদা করে রাখতে জানি।"
পোস্টের শেষের সেই আত্মবিশ্বাসী স্বর যেন তাঁর ভক্তদের মনেও সান্ত্বনা ফেরাল। কারণ, ধারাবাহিকটি এখন ভালোই চলছে, আর এর সাফল্যের অন্যতম কারণ জীতু-দিতিপ্রিয়ার অনস্ক্রিন রসায়ন। দর্শক জানে— হিরো বা হিরোইন বদল মানেই গল্পে অন্য স্বাদ, আর টিআরপিতে বড়সড় প্রভাব। তাই তো সকলে চাইছিলেন— ভুল বোঝাবুঝি যেন কেটে যায়, আর হাসি ফিরুক তাঁদের প্রিয় জুটির মধ্যে।
আর সেই অপেক্ষার অবসান ঘটল খুব তাড়াতাড়িই। প্রযোজনা সংস্থার সহযোগিতায় নিজের ফেসবুক পোস্টে দিতিপ্রিয়া লিখলেন— "আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।" এই কয়েকটি লাইন যেন টেলিপাড়ায় বৃষ্টি নামার মতো শান্তি এনে দিল।
শেষমেশ, প্রমাণ হলো— সম্পর্কের জট খোলার চাবি হলো কথা বলা, আর বোঝাপড়া। ক্যামেরার সামনে যেমন, তেমনি ক্যামেরার বাইরেও তাঁদের বন্ধুত্ব থাকুক অটুট— এই কামনাই এখন দর্শকের। কারণ, গল্পের আসল রঙ তো তখনই ফুটে ওঠে, যখন অভিনেতাদের হাসি পর্দার বাইরেও সত্যি হয়ে ওঠে।