
শেষ আপডেট: 10 June 2023 13:26
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন থেকে ওয়েবসিরিজ, বিনোদনের জন্য চাক্ষুষ মাধ্যমের কোনও অভাব না থাকলেও আজও গল্প শোনার বিকল্প নেই অনেকের কাছেই। দেশি থেকে বিদেশি নানা ধরনের সাহিত্যের চরিত্রকে কন্ঠের মাধ্যমে দীর্ঘদিন ধরে যিনি প্রাণ দান করে আসছেন তাঁর নাম মীর আফসার আলি। মীরের সঙ্গে ফের একবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা গৌরব চক্রবর্তী।
রেডিও মির্চিতে থাকাকালীনই সানডে সাসপেন্সে প্রায় প্রতি সপ্তাহেই শোনা যেত 'ক্যাপ্টেন' মীরের গলা। সেখানেই ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শোনানো হয়েছিল আলেকজান্ডার ডুমার লেখা কাউন্ট অফ মন্টিক্রিস্টো। সেখানে এডমন্ড দান্তে চরিত্রে গৌরব এবং অ্যাবে ফারিয়া চরিত্রে ছিলেন মীর।
গত বছর অর্থাৎ ২০২২ এ রেডিও মির্চি ছাড়ার পর নিজের অডিও স্টোরি শোনানোর চ্যানেল তৈরি করেন মীর। নাম দেন 'গপ্পো মীরের ঠেক'। এবার সেই ঠেকেই শোনানো হবে শার্লক হোমসের গল্প। সেখানে শার্লক এবং ওয়াটসন চরিত্রে ফের একবার শোনা যাবে গৌরব চক্রবর্তী এবং মীরকে।
প্রসঙ্গত, এর আগেও সানডে সাসপেন্সে শার্লক হোমসের চরিত্রে শোনা গেছে মীরকে। সেখানে ওয়াটসনের চরিত্রে অভিনয় করেছিলেন দীপ। ফলে গপ্প মীরের ঠেক-এ গৌরবকে ওয়াটসনের চরিত্রে শোনা গেলে তুলনা যে আসবেই এ কথা একপ্রকার নিশ্চিত করেই বলা যায়।
এডমন্ড দান্তের গৌরব ওয়াটসন হয়ে ফের একবার বাজিমাত করতে পারেন নাকি দীপই এগিয়ে থাকবেন ওয়াটসন চরিত্রে তা তো বলা যাবে শনিবার ১০ জুন রাত নটায় পর্ব সম্প্রচারের পরেই। তবে আপাতত এডমন্ড দান্তে আর অ্যাবে ফারিয়াকে ফের একবার শোনা যাবে জুটিতে এবং শার্লকের চরিত্রে মীরও ফিরছেন আবার এই দুই বিষয় নিয়েই উত্তেজিত অনুরাগী মহল।
সইফ গরহাজির ‘আদিপুরুষ’ প্রমোশনে, বিতর্ক এড়াতেই কৌশল নবাব পুত্রের?