
দুই মন্ত্রীর থেকে মিলল শুটিং ‘সমস্যার’ চিঠির জবাব
শেষ আপডেট: 26 February 2025 11:50
গত ১৪ ফেব্রুয়ারি। রাত ৯টায় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (directors association of eastern india) অফিসের অভ্যন্তরীন বৈঠকে উপস্থিত ছিলেন সুদেষ্ণা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিত রায়রা। মূলত টেলিভিশন যে সকল পরিচালকরা কাজ করছেন, তাঁদের বক্তব্য গুরুত্ব পেয়েছে আলোচনায়। দিনের পর দিন টলিপাড়ায় শুটিং নিয়ে চলেছে এক টালমাটাল অবস্থা। কখনও শুটিং বন্ধ হয়েছে, কখনও পরিচালকরা করেছেন নিজেদের ‘প্রত্যাহার’। এছাড়াও ট্রেড ইউনিয়ন বাধ্যবাধকতা, নতুন সদস্যপদ দেওয়া বন্ধ, যোগ্যতার পরীক্ষা, কর্মীসংখ্যা নির্ধারণ, নিয়মের নামে স্বেচ্ছাচারিতা, বাইরের টেকনিশিয়ানদের বাধা, বিদেশে শুটিং, লো বাজেটের সীমা, ওটিটি প্ল্যাটফর্মে শুটিং, সাপ্তাহিক ছুটি ঘোষণা থেকে জোর করে কর্মী নিয়োগ, এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। শুধু আলোচনায় সীমিত থাকেনি পরিচালক গিল্ড, লিখিতরূপে সমস্যাগুলো মেল মারফত ১৭ ফেব্রুয়ারি পৌঁছে দেওয়া হয় দুই মন্ত্রী তথা অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের কাছে।
সূত্রের খবর, সে চিঠির জবাব এসেছে, দুই মন্ত্রীর তরফে। এবং তা বেশ ইতিবাচক। এও জানা যাচ্ছে, যে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে চাইছেন দুই মন্ত্রী। এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা হতেও চলেছে। তবে, সেই আলোচনায় কারা উপস্থিত থাকবে বা কারা নয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি, টেকনিশিয়াস স্টুডিওয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে আলোচনা হয় ডিরেক্টর্স গিল্ডের সদস্যদের। তারপর ঠিক হয় ২০ ফেব্রুয়ারির আগেই একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবে, তথ্য ও সংস্কৃতি বিভাগ, টেলি অ্যাকাডেমি, ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের সদস্য এবং ইন্ডাস্ট্রির ‘ওয়েলউইশার্স’। সেই কমিটির কাছে জমা পড়বে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের যাবতীয় লিখিত সমস্যা। সূত্রের খবর ছিল, ‘২০ তারিখের, আগে কমিটি গঠন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না, সময় লাগবে, আশা করি ফেব্রুয়ারির শেষের দিকে কমিটি গঠন হতে পারে।’