
মিমি চক্রবর্তী - ফাইল চিত্র
শেষ আপডেট: 28 March 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী পদ পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত লোকসভায় যাদবপুরে রেকর্ড মার্জিনে জিতেছিলেন মিমি। সম্প্রতি নিজেই রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এমনকী এও জানিয়ে দিয়েছিলেন যে, লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি হতে চান না। মিমির পরিবর্তে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই মিমির। বরং তিনি এখন ব্যস্ত তাঁর নতুন ছবির শ্যুটিং নিয়ে। এবার টলিউড থেকে মিমির এন্ট্রি হয়েছে সোজা ঢালিউডে।
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী যে একসঙ্গে ছবি করবেন, সে খবর ইতিমধ্যেই জানা গিয়েছে। গত বছর ঢাকায় ‘তুফান’ নামের এই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। টলিপাড়ায় খবর মিমি চক্রবর্তী এবার তুফানি এন্ট্রি নিচ্ছেন বাংলাদেশে।
বাংলাদেশি নায়ক শাকিব খানকে এই প্রথম ছবি করছেন রায়হান রাফি। নায়িকা হিসেবে তাঁর নাকি পছন্দ ছিল মিমিকেই। আরও একজন নায়িকা থাকছেন এই ছবিতে, তিনি বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। এ পার বাংলার প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে হাত মিলিয়েছে ওপার বাংলার ‘চরকি’ ও ‘আলফা আই’। এ মাসেই হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে সিনেমার শ্যুটিং।
শোনা যাচ্ছে, তুফানের জন্য নাকি তুফানি আয়োজনই করছে রামোজি ফিল্ম সিটি। বিশাল চারটি সেট তৈরি হয়েছে। নয়ের দশকের বাংলাদেশকে দেখানো হবে ছবিতে। দেখা যাবে নয়ের দশকের গাড়ি, রেল, এমনকী রাস্তাঘাটও। পরিচালক রায়হান রাফি বলছেন,”বাংলাদেশে এর আগে কোনও সিনেমার এত বড় সেট তৈরি করা হয়নি। নয়ের দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা।”
এর আগে একাধিক বার বাংলাদেশি প্রজেক্টে কাজের কথা হলেও এই ছবির মাধ্যমেই ঢালিউডে পা রাখছেন মিমি। গত বছর রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিটি দুই বাংলাতেই জনপ্রিয়তা পায়। ‘তুফান’ অ্যাকশন থ্রিলার। শাকিব, মিমি ও নাবিলার জুটি দর্শকদের মনে ধরবে বলেই আশা রাখছেন পরিচালক রায়হান রাফি।