
মিকি ম্যাডিসন
শেষ আপডেট: 3 March 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: লুনা সোফিয়া মিরান্ডা, লেন্ডসি নর্মিংটন এবং সোফিয়া কারনাবুচি। এঁরা কেউই জাত অভিনেত্রী নন। তবু তাঁর ছবি ‘আনোরা’র (Anora) জন্য এঁদের উপরেই আস্থা রেখেছিলেন নির্দেশক শন বেকার (Sean Baker)। কারণ একটাই: ফিল্মের চিত্রনাট্যে যৌনকর্মীদের বড় ভূমিকা রয়েছে। প্রধান নায়িকাও ফিল্মে যৌনকর্মীর রোলে অভিনয় করেছেন। তাঁর স্বপ্নের প্রেম, স্বপ্নভঙ্গের যন্ত্রণা ও প্রত্যাখ্যানের গল্পকে সিনেপর্দায় বুনতে চেয়েছিলেন বেকার। তাই সোফিয়া, লেন্ডসিদের হাতেই তুলে দিতে দেন অভিনয়ের রাশ। শুধু মুখ দেখানো নয়। নাইট ক্লাব ঘুরে ঘুরে স্ট্রিপারদের সঙ্গে কথা বলেছেন পরিচালক। জেনেছেন তাঁদের অসহায়তার কথা। বৈষম্যের কথা। কীভাবে বঞ্চিত হয়ে চলেছেন ব্রুকলিনের যৌনকর্মীদের বড় অংশ—পর্দার অপ্রেমের গল্পে মিশে রয়েছে এমন দগদগে যন্ত্রণার কাহিনি।
সহ-অভিনেত্রীদের ভূমিকা না হয় পাকা হল। কিন্তু প্রধান অভিনেত্রী কে হবেন? তাঁকেও যে নাইট ক্লাব, যৌনকর্মীদের দুনিয়া সম্পর্কে সরগর হতে হবে। অডিশনে ঝাড়াই-বাছাইয়ের পর বছর পঁচিশের মাইকি ম্যাডিসনকে (Mikey Madison) বেছে নেন শন বেকার। আনকোরা অভিনেত্রী। নতুন মুখ। পর্দায় আগে তেমন দেখা দেননি। হলিউডে সবে পা রেখেছেন। কিন্তু এমন অনুভিজ্ঞ মাইকির ঘাড়েই পরিচালক চাপিয়ে দেন গুরুদায়িত্ব—একই সঙ্গে শিখতে হবে রুশ ভাষা ও ব্রুকলিনের আঞ্চলিক বুলি। কারণ অ্যানি নামে পেশায় যৌনকর্মী যে মেয়েটির ভূমিকায় তিনি অভিনয় করেছেন, সে এক বিত্তবান রাশিয়ান ব্যাবসায়ীপুত্রের প্রেমিকা। আবার তার বেড়ে ওঠা ব্রুকলিনে। যে কারণে লস অ্যাঞ্জেলেসের ভূমিকন্যাকে সমস্ত জড়তা কাটিয়ে দুটো আলাদা কিসিমের ভাষা শিখে নিতে হয়। খুব অল্পদিনে।
এ ছাড়া ছিল আরও বেশ কিছু চ্যালেঞ্জ। তার মধ্যে একটি স্ট্রিপারদের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন। যে কারণে তিন মাস কঠোর পরিশ্রমের পর মাইকিকে শিখতে হয় পোল ড্যান্স, আকছার ঘুরে বেড়ান সেক্স ক্লাব, সরেজমিনে আহরণ করেন তথ্য। চোখের সামনে বয়ে যেতে দেখেন এক জীবন। যা প্রান্তিক। মূলধারা যাকে স্বীকার করেনি। বাণিজ্যিক ছবি তাদের নিয়ে ব্যাবসা করেছে। অথচ আমেরিকার সাবেক ‘অন্ধকার জগৎ’কে দ্বিমাত্রিক চেহারায় হাজির করেছে। যৌনকর্মী, দেহোপজীবীনীদের যন্ত্রণা ও কর্মজীবনের বৈষম্যের আলেখ্য হয়ে ওঠেনি। ‘আনোরা’ এই ডকুমেন্টশনের সততার জন্য সমালোচক ও দর্শকদের সমাদর, ভালবাসা পেয়েছে। অস্কার-রজনীও দিয়েছে ‘শ্রেষ্ঠ ছবি’র শিরোপা।
সেরা অভিনেত্রী হিসেবে জুরিরা বেছে নিয়েছেন মাইকি ম্যাডিসনকে। যা এবারের অস্কারের অন্যতম বিস্ময়কর জয় হিসেবে দেখছেন অনেকে। ডেমি মুর, সিন্থিয়া ইরোভো, ফেরনান্দা টোরেসের মতো অভিনেত্রীদের পিছনে ফেলে খেতাব হাতে তুলেছেন মাইকি। অভিষেকেই বাজিমাত! যদিও সম্মান গ্রহণের মঞ্চে দাঁড়িয়ে চরিত্রের আড়ালে থাকা মহিলাদের ভুলে যাননি অভিনেত্রী। যৌনকর্মীদের দিয়েছেন স্বীকৃতি। আর তাঁদের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেছেন, ‘আরও একবার যৌনকর্মীদের সংগঠনকে কৃতজ্ঞতা ও সম্মান জানাতে চাই। আমি চিরদিন তাঁদের পাশে থাকব এবং তাঁদের মধ্যে অ্যানি হয়েই বাঁচব।‘