
রণবীর সিং (পদ্মাবতের আলাউদ্দিন খিলজি) এবং সইফ আলি খান (আদিপুরুষের 'রাবণ') - ছবিঃ দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 19 April 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: এখন তো ভিলেনদেরই জমানা। পদ্মাবতের হিংস্র চেহারার আলাউদ্দিন খিলজি হোক বা আদিপুরুষে মাংসাশী বাদুরের পিঠে চেপে ঘুরে বেড়ানো রাবণ—হিন্দি ছবিতে নায়কদের মতো ভিলেন চরিত্রও এখন বেশ স্টাইলিশ। বরং ভিলেদেরই আরও বেশি জমকালোভাবে দেখানো হচ্ছে ছবিতে। আগেকার দিনের বড় ঝুলফি আর মার্কামারা সাজের মিটমিটে দুষ্টু চাউনি নিয়ে তাকানো ভিলেন এখন আর কোথায়! ভিএফএক্সের জাদুতে সবই ঝাঁ চকচকে। ভিলেনের যত নৃশংস সাজ, গুরুগম্ভীর গর্জন ততই তার চাহিদা বেশি। লম্ফঝম্ফ করে ভিলেনই এখন টিআরপি তুলছে বেশি।
সে যাই হোক, বলিউড ছবিতেও এমন ভিলেন এসেছে যে নাকি একটা ছবি করতেই ১৫০ কোটি দর হেঁকেছে। তিনি আলাউদ্দিন খিলজি রণবীর সিং বা আদিপুরুষের রাবণ সইফ আলি খান নন। ‘শয়তান’ ছবির দুর্ধর্ষ তান্ত্রিক মাধবনও নন কিন্তু। তাহলে কে?
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ যিনি রাবণ সাজতে চলেছেন তাঁরই এখন বিশাল দর। নিতীশের রামায়ণে রামচন্দ্র হবেন রণবীর কাপুর, সীতা দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর রাবণ হচ্ছেন কেজিএফ-খ্যাত যশ। গত বছর শোনা গিয়েছিল, খলচরিত্রে অভিনয় করতে নাকি মোটেও রাজি ছিলেন না যশ। রাবণ চরিত্রে অভিনয় করতেও চাননি। কিন্তু শেষমেশ নাকি রাজি হয়েছেন ‘কেজিএফ’ তারকা। আর রাবণ সাজতে তিনি পারিশ্রমিক চেয়েছেন ১৫০ কোটি টাকা।
রামায়ণে রামকে নিয়েই বেশি উন্মাদনা থাকবে, এই ভাবে ছবি থেকে সরে আসতে চেয়েছিলেন যশ। টিনসেল টাউনে এমনই কথা শোনা যাচ্ছিল। কিন্তু রাবণ হিসেবে নীতেশের প্রথম পছন্দই নাকি ছিল যশ। অবশেষে তিনি রাজি হন। শোনা যায়, একটা ছবি করতে নাকি ১০০ কোটির নীচে কথাই বলেন না যশ। রাবণ যেহেতু হবে ‘স্পেশাল’ চরিত্র, তাই তার জন্য দর আরও বাড়িয়ে দিয়েছেন অভিনেতা।
টান টান চিত্রনাট্যের সঙ্গে মারকাটারি ভিএফএক্স মিশিয়ে ‘রাবণ’ চরিত্রকে অন্যরকমই বানানোর চেষ্টা করছেন নীতেশ। রামায়ণে তাঁর রাবণ নাকি হবেন দশাসই, বিশাল শক্তিশালী এক পুরুষ। ওই যে, বলিউডে এখন ভিলেনই ট্রেন্ডিং, তাই রামের পাশাপাশি রাবণকেও ফাটাফাটি লুকে দেখানোর পরিকল্পনা চলছে। শোনা গেছে, যশের লুক নিয়ে কাটাছেঁড়া করছেন নীতেশ। ঠিক কোন লুকটা দর্শকদের চোখ ধাঁধিয়ে দেবে, তা নিয়েই এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ২০২৫ সালে মুক্তি পেতে পারে রামায়ণ। অ্যানিমালের রণবীরকে রাম সাজলে কেমন দেখাবে সে নিয়ে অপেক্ষা তো চলছেই, আদিপুরুষের পরে নীতেশের রামায়ণে রাবণ কেমন হবে, সে নিয়ে কৌতুহল আরও বেশি।