মুম্বই ফিল্ম সিটির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’র শুটিং সেটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। সোমবার ভোরবেলা আচমকাই আগুন লাগে সেটে।

‘অনুপমা’র শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা
শেষ আপডেট: 23 June 2025 12:02
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ফিল্ম সিটির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’র শুটিং সেটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। সোমবার ভোরবেলা আচমকাই আগুন লাগে সেটে। তবে ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন সকল কলাকুশলী। যদিও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে গোটা সেট। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।
জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে ‘অনুপমা’র সেটে। শুটিং শুরু হওয়ার কথা ছিল সকাল ৭টা নাগাদ। তার আগেই বেশ কিছু কলাকুশলী সেটে পৌঁছে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা সেট।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বহু চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। যদিও ততক্ষণে গোটা সেট ভস্মীভূত। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। এই ভয়াবহ ঘটনাকে ঘিরে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কলাকুশলীরা। তাঁদের অনেকেই জানিয়েছেন—আর একটু দেরি হলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল।
ঘটনার পর কঠোর বিবৃতি জারি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া। কোথা থেকে আগুন লাগল, সেটে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না—তা খতিয়ে দেখা জরুরি।”
Massive Fire Breaks Out on the Set of ‘Anupamaa’ in Mumbai’s Film City – AICWA Demands High-Level Investigation and Accountability
Mumbai, 23rd June 2025 – A major fire broke out early this morning at 5:00 AM on the set of the popular television serial Anupamaa in Film City,… pic.twitter.com/KjxXGyM9mn— All Indian Cine Workers Association (@AICWAOfficial) June 23, 2025
তিনি আরও দাবি করেন, “ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বইয়ের লেবার কমিশনারের গাফিলতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের সাসপেন্ড করা হোক এবং প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের হোক।” ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।