
শেষ আপডেট: 6 February 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পুনম পান্ডের মৃত্যু সংবাদ নিয়ে শোরগোল পড়ে গেছিল দেশে। হঠাৎ একদিন মডেল-অভিনেত্রীর টিম সোশ্যাল মিডিয়ায় জানায় যে উনি আর বেঁচে নেই। জরায়ু-মুখের ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ট্রেন্ডিং হয়ে ওঠে পুনম পান্ডে ও সার্ভিক্যাল ক্যানসার।
একদিন যেতে না যেতেই পুনম ঘোষণা করেন তিনি বেঁচে আছেন। পুনম জানান, জরায়ু-মুখের ক্যানসারের প্রতি সবার সচেতনতা বাড়াতেই এই পদ্ধতি উনি বেছে নিয়েছিলেন। পুনমের কথা শুনে তোলপাড় শুরু হয় দেশজুড়ে! নেটিজেনদের প্রশ্ন, ক্যানসার সম্বন্ধে সতর্কতা বাড়াতে এমন মারাত্মক উপায় তিনি কেন বেছে নিলেন?
তবে অভিনেত্রীদের ভুয়ো মৃত্যুর খবর ছড়ানো এই প্রথম নয়। এর আগেও অভিনেত্রী মনীষা কৈরালার মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ! একদিন খবরের কাগজের শিরোনামে দেখা যায়, 'মনীষা কৈরালা মৃত'। হইচই পড়ে যায় দেশজুড়ে! সবাই স্বাভাবিকভাবেই মনে করেন যে এই খবর সত্যি। যদিও সেটি আসল মৃত্যু ছিল না।

১৯৯৫ সালে মহেশ ভাটের ছবি 'ক্রিমিনাল'-এ অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। একটি মেয়ের খুন এবং তাঁর খুনিকে খোঁজা নিয়েই ছিল ছবির কাহিনী। খুন হওয়া মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন মনীষা। তাই এই অদ্ভুত বিজ্ঞাপনের মাধ্যমে সিনেমার প্রচারের কথা ভাবেন পরিচালক মহেশ ভাট। তবে এই ঘটনাটি নিয়ে সেই সময় ওঁকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়।

পুনম পান্ডেরও এই পাবলিসিটি স্টান্ট প্রশংসার চেয়ে নিন্দাই বেশি কুড়িয়েছে। জরায়ু মুখের ক্যানসার নিয়ে সচেতনতা প্রচার করতে গিয়ে তিনি যথেষ্ট অসংবেদনশীল কাজ করেছেন বলেই অনেকে মনে করেছেন। তাই পুনমের টিমের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করে অনেকেই বলেছেন যে মৃত্যু কোনও ছেলেখেলার বিষয় নয়। যদি কোনও প্রয়োজনীয় বিষয় নিয়ে সকলকে সচেতন করতে হয় তাহলে সেটার জন্য মিথ্যে মৃত্যুসংবাদ না ছড়িয়ে অন্য উপায় বেছে নেওয়া উচিত।
মুক্তি পেতে চলেছে মনীষা কৈরালার পরবর্তী সিরিজ 'হিরামন্ডি'। সঞ্জয় লীলা বনশয়ালির পরিচালনায় এই সিরিজে মনীষা একটি প্রধান চরিত্রে আছেন। শীঘ্রই এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।