বুধবারের অনুষ্ঠানে সাদা স্লিভলেস টপ ও ডেনিম প্যান্টে দেখা গিয়েছিল ছাঁইয়া ছাঁইয়া গার্ল মালাইকা অরোরাকে।

মালাইকা অরোরা
শেষ আপডেট: 30 October 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: একদিন আগেও গানের তালে মেতে উঠেছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Bollywood actress Malaika Arora)। বুধবার রাতে আন্তর্জাতিক তারকা এনরিক ইগলেসিয়াসের (Enrique Iglesias) গানের অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তার পর বারো ঘণ্টাও পেরোয়নি, মালাইকার হাসপাতালে (Malaika in Hospital) যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) দেখা যাচ্ছে, হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে মালাইকার গাড়ি। মাস্ক পরা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। কালো ট্র্যাকসুট, জ্যাকেট পরিহিত মালাইকার মুখে নেই কোনও প্রসাধনের ছোঁয়া। পাশে ছেলে, আরহান। যদিও তিনি ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
তবে অভিনেত্রীকে হাসপাতালে দেখে চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “কালই তো বেশ সুস্থ ছিলেন, নাচছিলেন, আজ হঠাৎ কী হল ওঁর?” অন্যদিকে, নেটিজেনদের একাংশ আবার আশ্বস্ত করেছেন অন্যদের। তাঁদের মতে, “হতে পারে নিয়মিত চেকআপ বা সাধারণ কোনও কারণে ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছেন। গুরুতর কিছু নয়।”
এখনও পর্যন্ত অভিনেত্রী বা তাঁর টিমের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
বুধবারের অনুষ্ঠানে সাদা স্লিভলেস টপ ও ডেনিম প্যান্টে দেখা গিয়েছিল ছাঁইয়া ছাঁইয়া গার্ল মালাইকা অরোরাকে। খোলা চুলে মোহময়ী অভিনেত্রী নেচে উঠেছিলেন প্রতিটি গানে। দর্শকরাও মুগ্ধ হয়েছিলেন তাঁর উজ্জ্বল উপস্থিতিতে। তাই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে প্রশ্ন তুলেছেন, “বেশি উত্তেজনা, নাচানাচি থেকেই কি কোনও সমস্যা হল তাঁর?”
উল্লেখ্য, ২৩ অক্টোবর ছিল মালাইকার ৫০তম জন্মদিন। বিশেষ দিনে তাঁর সঙ্গে ছিলেন বোন অমৃতা অরোরা ও ঘনিষ্ঠ বন্ধুরা।
এখন প্রশ্ন একটাই, মালাইকা কি শুধুই রুটিন চেকআপে গিয়েছিলেন, নাকি সত্যিই কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে? তাঁর টিমের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।