বক্স অফিসে ৩০০ কোটির ঝড় তোলা পৌরাণিক ছবি ‘মহাবতার নৃসিংহ’ এবার আসছে ওটিটিতে!

পৌরাণিক ছবি ‘মহাবতার নৃসিংহ’
শেষ আপডেট: 19 September 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল পৌরাণিক অ্যানিমেটেড ছবি “মহাবতার নৃসিংহ”। মুক্তির দিন থেকেই সাদা পায়ে হলে ঢুকেছিলেন ভক্তরা। খোল-করতালের তালে সাধু-সন্ন্যাসী থেকে কৃষ্ণভক্তরা উপভোগ করেছিলেন সিনেমাটি। কারণ, এই ছবি যে ভগবান বিষ্ণুর এক অনন্য অবতার—নরসিংহকে নিয়ে।
পুরাণকথা অনুযায়ী, ভক্ত প্রহ্লাদকে অসুররাজ হিরণ্যকশ্যপের হাত থেকে রক্ষা করতেই রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীহরি। সেই অদম্য রূপই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ফলে বক্স অফিসে ছবিটি ঝড় তুলেছিল এবং বিশ্বব্যাপী আয় করেছিল ৩০০ কোটিরও বেশি।
এবার সেই জনপ্রিয় ছবি দেখা যাবে ওটিটিতে। পরিচালক অশ্বিন কুমারের এই পৌরাণিক অ্যানিমেশন ১৯ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে। নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের এক্স অ্যাকাউন্টে পোস্টার শেয়ার করে লিখেছে, “এই সিংহের গর্জন একটি রাজ্য ধ্বংস করতে পারে। ১৯ সেপ্টেম্বর দুপুর ১২:৩০-এ দেখুন ‘মহাবতার নৃসিংহ’, শুধু নেটফ্লিক্সে।”
নিম্ন প্রচার সত্ত্বেও বাণিজ্যিক সাফল্য অর্জন করা এই ছবি আসলে পরিকল্পিত মহাবতার সিনেমাটিক ইউনিভার্স-এর প্রথম অধ্যায়। এই সিরিজে ভগবান বিষ্ণুর দশাবতার অনুপ্রাণিত আরও পাঁচটি ছবি আসতে চলেছে—
মহাবতার পরশুরাম (২০২৭)
মহাবতার রঘুনন্দন (২০২৯)
মহাবতার ধাওকাদেশ (২০৩১)
মহাবতার গোকুলানন্দ (২০৩৩)
মহাবতার কল্কি (২০৩৫-২০৩৭)
অতএব, যাঁরা প্রেক্ষাগৃহে এই মহাকাব্যিক কাহিনি দেখতে পারেননি, তাঁদের জন্য এবার সুযোগ নেটফ্লিক্সেই।