
শেষ আপডেট: 4 February 2024 07:24
দ্য ওয়াল ব্যুরো: মডেল অভিনেত্রী পুনম পান্ডের কঠোর শাস্তির দাবিতে মুম্বই পুলিশে আর্জি জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে।
পুলিশকে লেখা অভিযোগে তাম্বের দাবি, "মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নেট মাধ্যমে ভুয়ো প্রচার রুখতে অবিলম্বে পুনমের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।"
ঘটনার সূত্রপাত, ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পুনমের ম্যানেজারের একটি পোস্ট। পোস্টে লেখা হয়, 'আজকের সকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টের। জরায়ু-মুখের ক্যানসারে ওঁকে আমরা হারিয়েছি। যাঁরা তাঁর বিপদের দিনে পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক অনেক ভালবাসা। এই বিপদের সময় আমরা চাই যেন সবাই ঘটনার গভীরতা বোঝে। আমাদের যেন একটু ব্যক্তিগত সময় কাটানোর মতো পরিসর দেন।”
পুনমের বয়স মাত্র ৩২ বছর। তাঁর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে প়়ড়ে। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায়। সেই সঙ্গে সার্ভিকাল ক্যান্সারের প্রকোপ নিয়েও আলোচনা শুরু হয়ে যায়।
কিন্তু ৩ তারিখ সমস্ত জল্পনায় জল ঢেলে ফের সোশ্যাল মিডিয়ায় হাজির হন পুনম। জানান, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। কিন্তু বেঁচে নেই অনেক মহিলা। যারা ভুগছিলেন জরায়ু-মুখের ক্যানসারে। তাই এই মৃত্যুর খবরটা জানিয়ে তিনি সবাইকে এই ক্যানসার নিয়ে সতর্ক করে তুলতে চেয়েছিলেন বলেও দাবি করেন পোস্টে।
এরপরই পুনমের মিথ্যাচারের প্রতিবাদে সরব হয় নেটদুনিয়া। অনেকেই কমেন্টে লিখেছেন, মৃত্যু নিয়ে এত বড় মিথ্যে কথাটা পুনম না বললেই পারতেন। রাতে মুম্বই পুলিশে পুনমের বিরুদ্ধে অভিযোগ জানান মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে।
তাঁর দাবি, "ক্যান্সার সচেতনতার কথা পুনম এখন বললেও তিনি যা করেছেন, তার জন্য অবশ্যই ওর শাস্তি পাওয়া উচিত।" এ ব্যাপারে মডেল অভিনেত্রী পুনমের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।