মাধুরীর একদম নতুন অবতার! কোন রহস্যে মোড়া থ্রিলার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে?

মাধুরী দীক্ষিত
শেষ আপডেট: 20 November 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত 'ফেম গেম'-এর হাত ধরে ওটিটি (OTT) প্ল্যাটফর্মে যাত্রা শুরু করার পর এবার আরও একটি নতুন, ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় এক দারুণ চমক দিয়ে তাঁর নতুন সিরিজ 'মিসেস দেশপাণ্ডে'-এর ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ২০ সেকেন্ডের টিজারে মাধুরীকে একেবারে অন্য রূপে দেখা গেছে। সেখানে দেখা যায়, অভিনেত্রী একে একে তাঁর গয়না ও মেকআপ মুছে ফেলছেন। এরপরই তিনি ধরা দেন জেলের কয়েদির লুকে।
'মিসেস দেশপাণ্ডে' চরিত্রে তাঁর চোখে ছিল কঠিন দৃষ্টি, আর ঠোঁটের কোণে রহস্যময় হাসি। শোনা যাচ্ছে, এই সিরিজে তাঁকে সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এই সিরিজটি পরিচালনা করছেন নাগেশ কুকুনুর, এবং এতে ভরপুর রহস্য ও রোমাঞ্চ থাকবে। জানা যাচ্ছে, ফ্রেঞ্চ থ্রিলার 'লা ম্যান্টে' (La Mante) থেকে অনুপ্রাণিত হয়ে এই সিরিজটি নির্মিত হয়েছে।
একটি অনুষ্ঠানে মাধুরী জানিয়েছিলেন যে, এই চরিত্রটি তাঁর অভিনয় জীবনের অন্যান্য চরিত্র থেকে বেশ আলাদা। যদিও তিনি খুব সচেতনভাবে এই চরিত্রটি বেছে নেননি, তবে এমন ভিন্নস্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি তা ছাড়তে পারেননি। শীঘ্রই এই সিরিজটি মুক্তি পাবে বলে জানা গেছে, যদিও দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।