
সলমন খান
শেষ আপডেট: 13 November 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: সলমন খানকে খুনের হুমকি দিয়ে এবার গ্রেফতার গীতিকার। কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বলিউড অভিনেতাকে খুনের হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিল সে। তবে পুলিশি জেরায় ওই যুবক স্বীকার করেছে, জনপ্রিয় হওয়ার লোভেই এই কাজ করেছে সে। আদতে তাঁর সলমনকে প্রাণে মারার কোনও পরিকল্পনাই ছিল না।
বিগত কয়েক সপ্তাহে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। বিশেষ করে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে বাড়তি নিরাপত্তা নিয়েও শ্যুটিং করছেন অভিনেতা। মাঝে সলমনের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে অন্তত দু-বার হুমকি এসেছিল। বুধবার আবার একই ঘটনা ঘটেছে।
এতদিন পর্যন্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফেই সলমনকে হুমকি দেওয়া হচ্ছিল। তাই নতুন করে হুমকি আসায় পুলিশ ভেবেছিল এই কাজ তাদেরই হবে। তবে ২৪ বছর বয়সি সোহেল পাশাকে গ্রেফতার করার পর তাঁরা জানতে পেরেছে, এই যুবকের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পর্ক নেই।
সোহেল গত ৭ নভেম্বর মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একটি মেসেজ করে। তাতে লেখা ছিল, ''যদি ৫ কোটি টাকা না দেওয়া হয় তাহলে সলমন খান এবং 'আমি সিকান্দর' গানের গীতিকারকে খুন করা হবে।'' এক মাসের মধ্যে গীতিকার তাঁর জবাব পাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে, সলমনকে কার্যত চ্যালেঞ্জ করে বলা হয়, ক্ষমতা থাকলে তিনি নিজেকে আর ওই গীতিকারকে বাঁচান।
পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই গীতিকার আর কেউ নন সোহেল নিজেই। গানের পরিচিতি বাড়ানোর জন্য এবং নিজে আরও বেশি জনপ্রিয় হতে এই কাজ করেছে সে। জেরায় এটাই জানিয়েছে সোহেল।