
শেষ আপডেট: 26 August 2023 06:45
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় যেখানে সামান্য পিছিয়ে পড়লেই আজকাল সারাক্ষণই চ্যানেলের ভ্রূকুটির সামনে পড়তে হয় ধারাবাহিকগুলিতে সেখানে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার 'হরগৌরী পাইস হোটেল' চলছে রমরমিয়ে। এবার আরও এক নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজ কাল' (love biye aj kal) নিয়ে ফের স্টার জলসায় আসছেন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত।

নতুন ধারাবাহিকের প্রচারে প্রযোজকের ভূমিকায় এলেও গোটা সন্ধের আকর্ষণ হয়ে রইলেন যীশুই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন একের পর এক ছক্কা হাঁকালেন অভিনেতা। কখনও বললেন 'নীলাঞ্জনা আমার সবচেয়ে বড় ক্রিটিক' আবার কখনও স্ট্রেট ব্যাটে খেলে জানিয়ে দিলেন 'ধারাবাহিকে যতই কন্ট্রাক্ট ম্যারেজ বা প্রেমে পড়া বারণ হোক নিজের জীবনে ভরপুর প্রেম আছে। ১৯ বছর কাটিয়ে দিয়েছি, আগামী ১৯ বছরও দু'জন দু'জনকে ছাড়া ভাল থাকতে পারব না।'
'লাভ বিয়ে আজকাল'এর মধ্যে দিয়ে ধারাবাহিকে ওম সাহানি ফিরলেন দীর্ঘ ১৩ বছর পর। তবে ছবি থেকে এতদিন পর ধারাবাহিকে কেন এই প্রশ্নের উত্তর ওমের হয়ে দিয়ে দিলেন যীশু নিজেই। অভিনেতার কথায় নাটক বা যাত্রায় অভিনয়ের ধারা একটু অন্যরকম হলেও ছবি বা ধারাবাহিকে স্টাইলটা একই। সেই কারণেই যারা ছবি করে অভিনয় করতে আসেন তাতে তাঁদের বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।' এ প্রসঙ্গে ওম বললেন, 'বাবাকে দেখেছি দশটা পাঁচটার চাকরি করতে। আমিও প্রতিদিন নিয়মমাফিক কাজে যাওয়া এবং ফেরা ওই নিয়মটায় থাকতে চাই। সেই কারণেই ধারাবাহিকে ফেরা।'

টিআরপি নিয়ে আশঙ্কায় ভোগেন? এই প্রশ্নের উত্তরে যীশু বা নীলাঞ্জনা এক যোগে বললেন, টিআরপি কম হলে ধারাবাহিককে নিজের জায়গা ছাড়তেই হবে, দিনের শেষে এটা ব্যবসা। ফলে, মালিক তার লাভ অবশ্যই দেখবেন। 'হরগৌরী পাইস হোটেল'এ নবাগত শুভস্মিতার পর 'লাভ বিয়ে আজ কাল'এ ফের নতুন মুখ মৌমিতা। এ প্রসঙ্গে নীলাঞ্জনা বললেন, 'জনপ্রিয় নায়িকাদের নেব না এমনটা ভাবিনি, তবে এই চরিত্রের জন্য মনে হয়েছে মৌমিতাই সেরা।' যদিও যীশুর মত একটু আলাদা, প্রযোজক অভিনেতার কথায়, 'আমাদের আর কত দিন লোকে দেখবে, ধারাবাহিক হোক বা ছবি নতুন মুখ তো আসতেই হবে।' স্বভাবসিদ্ধ কৌতুকের ছলে যীশুর মন্তব্য, 'আমরা নাহয় আর কয়েকদিন কাকা, জ্যাঠার অভিনয় করে নেব'।

জানা গেল, নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজ কাল'এর প্রধান ইউএসপি হতে চলেছে 'কন্ট্র্যাক্ট ম্যারেজ।' সেই সঙ্গে থাকছে কিছু রহস্য। ধারাবাহিক শুরু হলেই তবে উন্মোচন হবে এই সব রহস্যের। ধারাবাহিকের প্রোমোতে যতই শ্রাবণ বলুক প্রেমে পড়া বারণ, নবাগতা মৌমিতার জীবনে ভালবাসার দরজা খোলা আছে, জানালেন 'দ্য ওয়াল'কে। অন্যদিকে ওমকে ধারাবাহিকে ফিরতে উৎসাহ দিয়েছেন স্ত্রী মিমি, জানা গেল আলাপচারিতায়। আগামী ২৮ অগস্ট অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলেছে 'লাভ বিয়ে আজকাল'। এখন দেখার যে 'হরগৌরী পাইস হোটেল'এর মতোই 'লাভ বিয়ে আজকাল' টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারে কিনা।
যাদবপুর কাণ্ড: কর্তৃপক্ষের দ্বিতীয় রিপোর্টও অসন্তোষজনক! ফের চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন