দ্য ওয়াল ব্যুরো: রোজকার রুটিনে যতই ব্যস্ততা থাক, আলিয়া ভাট কখনও জিমে যেতে ভোলেন না। শরীরচর্চাই তাঁর অন্যতম পছন্দের বিষয়। এদিনও রোজকার মতো তাতেই ব্যস্ত ছিলেন। হঠাৎ দেখা বঙ্গ তনয়ের সঙ্গে।
শ্যুটিংয়ের কাজেই বর্তমানে হায়দরাবাদে রয়েছেন আলিয়া ভাট। সেখান এক জিমে শনিবার যিশু সেনগুপ্তের সঙ্গে দেখা হয়েছে তাঁর। দু'জন সেলফিও তুলেছেন। সেই ছবি যিশু পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।
২০২০ সালে সড়ক ২ ছবিতে অভিনয় করতে দেখা গেছে যিশু সেনগুপ্তকে। সেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন আলিয়া ভাট। বলিউডের আঙিনায় যিশু নতুন নন। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ, জনপ্রিয় ছবিতে যিশু সেনগুপ্তর অভিনয় প্রশংসা কুড়িয়েছে বি-টাউনে।
এদিন হায়দরাবাদের পার্ক হায়াত হোটেলের জিমে দাঁড়িয়ে মহেশ ভাটের কন্যার সঙ্গে যে ছবি তিনি পোস্ট করেছেন তা রীতিমতো ভাইরাল হয়েছে। ছবির নীচে বাইসেপ্সের ইমোজি দিয়েছেন যিশু। আর কোনও কথা লেখেননি। তবে নানা জনে নানা মন্তব্য করেছেন ছবির কমেন্ট বাক্সে। ছবিটিতে প্রচুর লাইকও পড়েছে।
আগামী দিনে আলিয়া ভাটকে আরআরআর ছবিতে অভিনয় করতে দেখা যাবে। আপাতত হায়দরাবাদে তার শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন তিনি। এসএস রাজামৌলির পরিচালনায় এই ছবিতে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের দুই বিপ্লবীর কাহিনি দেখানো হবে। লকডাউনে দীর্ঘ দিন এই ছবির শ্যুটিং বন্ধ থাকার পর সম্প্রতি আবার তা শুরু হয়েছে। চলতি বছরের ১৩ অক্টোবর ছবিটি মুক্তি পাবে বলে খবর।