রবিবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ডিক্যাপ্রিয়ো। সেখানেই মঞ্চে উঠে তাঁর প্রেম নিয়ে রসিকতা করেন সঞ্চালিকা নিকি গ্লেজ়া। অভিনেতার দীর্ঘ ও সফল কেরিয়ারকে সামনে রেখেই প্রেমের প্রসঙ্গ টানেন তিনি।

শেষ আপডেট: 12 January 2026 15:13
দ্য ওয়াল ব্যুরো: হলিউড তারকা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর প্রেমজীবন বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দু। তাঁর অভিনয়জীবনের মতোই ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা থামে না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর প্রেমের তালিকা ঘাঁটলে যে বিষয়টি বারবার চোখে পড়ে, তা হল— লিয়োনার্দোর সঙ্গিনীরা অধিকাংশ ক্ষেত্রেই বয়সে কম এবং অনেকেই ৩০ বছরের গণ্ডি পেরোনোর আগেই তাঁর জীবন থেকে সরে গিয়েছেন। বর্তমানে অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন ইতালির সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তি। বয়স ২৭, আর সেই সম্পর্কই ফের একবার আলোচনায় এনে ফেলল লিয়োনার্দোর প্রেমজীবন।
রবিবার গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন ডিক্যাপ্রিয়ো। সেখানেই মঞ্চে উঠে তাঁর প্রেম নিয়ে রসিকতা করেন সঞ্চালিকা নিকি গ্লেজ়া। অভিনেতার দীর্ঘ ও সফল কেরিয়ারকে সামনে রেখেই প্রেমের প্রসঙ্গ টানেন তিনি। নিকির বক্তব্য ছিল, লিয়োনার্দো এমন এক বিরল মানুষ, যিনি অসংখ্য কালজয়ী অভিনয়, নামী পরিচালকদের সঙ্গে কাজ, তিনটি গোল্ডেন গ্লোব এবং একটি অস্কার জেতার পরেও এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, যেখানে তাঁর প্রেমিকার বয়স এখনও ৩০ ছোঁয়নি। এই মন্তব্যকে কেন্দ্র করে সরগরম নেটপাড়া। অভিনেতাকে প্রকাশ্যে ট্রোল? প্রসঙ্গ উঠতেই উত্তরটা যেন স্পষ্ট হয়ে যায় অভিনেতার তরফ থেকে। সত্যি বোধহয় এসকল রসিকতা তাঁকে স্পর্শ করতে পারে না।
ফলে সেই মুহূর্তে অভিনেতার প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। খানিকটা অপ্রস্তুত হলেও তিনি যে বিষয়টি হালকা ভাবে নিয়েছেন, তা তাঁর মুখে লেগে থাকা হাসিতেই স্পষ্ট। বিরক্তি বা অস্বস্তির বদলে দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে হাসতে দেখা যায় তাঁকে। নিকিও নিজের রসিকতা নিয়ে একপ্রকার আত্মসমালোচনা করে বলেন, এই ধরনের ঠাট্টা খুব শালীন না হলেও, লিয়োনার্দোর প্রেমজীবন ছাড়া তাঁর সম্পর্কে নতুন করে বলার মতো আর কিছুই নাকি খুঁজে পাননি।
এতেই শেষ নয়। অভিনেতার অতীত ঘেঁটে সঞ্চালিকা তুলে আনেন ১৯৯১ সালের একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ, যেখানে লিয়োনার্দো তাঁর প্রিয় খাবার হিসেবে ‘পাস্তা’ শব্দটি বারবার ব্যবহার করেছিলেন। সেই তথ্য আজও সত্যি কি না, তা জানতে চাওয়াতেও মঞ্চে হাসির রোল ওঠে। দর্শকাসন তখন করতালিতে ফেটে পড়ে, আর লিয়োনার্দো হাত নেড়ে সম্মতি জানিয়ে পরিস্থিতিকে আরও উপভোগ্য করে তোলেন।
২০২৩ সাল থেকে ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন লিয়োনার্দো। তাঁদের বয়সের ফারাক নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনই রয়েছে কৌতূহলও। তবে এই অনুষ্ঠানের মুহূর্ত প্রমাণ করে দিল, প্রেমজীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন, ডিক্যাপ্রিয়ো তাতে বিন্দুমাত্র নজর দিতে নারাজ। বরং হাসিমুখেই পাশ কাটিয়ে যেতে জানেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।