“আমরাও প্রথমে চাইনি। কিন্তু এবার মনে হল, সময় এসেছে”—ঠিক এই কথাতেই ২৫ বছর পর ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-র রিবুটের সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন প্রযোজক একতা কাপুর।

‘কিউঁকি সাস ভি কভি বহু থি’
শেষ আপডেট: 10 July 2025 15:16
দ্য ওয়াল ব্যুরো: “আমরাও প্রথমে চাইনি। কিন্তু এবার মনে হল, সময় এসেছে”—ঠিক এই কথাতেই ২৫ বছর পর ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-র রিবুটের সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন প্রযোজক একতা কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, এই নতুন সংস্করণ শুধু নস্ট্যালজিয়ার জন্য নয়, বরং ঘরোয়া আলোচনার মধ্য দিয়ে সমাজে প্রভাব ফেলতেই তৈরি হচ্ছে।
অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া স্মৃতি ইরানি আবার ফিরছেন তাঁর জনপ্রিয় চরিত্র তুলসী বিরানি হিসেবে। সঙ্গে থাকছেন অমর উপাধ্যায়, অপরা মেহতা, শক্তি আনন্দ এবং কমলিকা গুহ ঠাকুরতা-র মতো পুরনো তারকারা।
সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়, “আজকের দিনে যখন দর্শক আন্তর্জাতিক মানের আধুনিক কনটেন্ট দেখছেন, তখন কি আদৌ দরকার ছিল ‘কিউঁকি’-র মতো ঘরোয়া গৃহবধূ-কেন্দ্রিক ধারাবাহিকের?” সেই প্রশ্নেরই জবাবে একতা বলেন, “আমরা চাই এমন একটি গল্প বলি, যা শুধু বিনোদন নয়, বরং ভাবনার খোরাক দেবে, আলোচনা তৈরি করবে।”
তিনি জানান, এই নতুন সংস্করণে সীমিত পর্ব থাকবে এবং তা হবে আরও বেশি সমাজ-সচেতন, অন্তর্ভুক্তিমূলক এবং প্রাসঙ্গিক। “এই শো আমাদেরই নয়, আপনাদেরও। তাই এটি কোনও যুদ্ধ জেতার গল্প নয়—এটি প্রভাব তৈরির চেষ্টা,”—এই বার্তাতেই তিনি শেষ করেন নিজের পোস্ট। এই সংস্করণ জুলাই ২৯ থেকে স্টার প্লাস-এ রাত ১০:৩০টায় সম্প্রচারিত হবে।