বলিউডের ‘ভাইজান’ সলমন খান আবারও প্রমাণ করলেন, অভিনয়ের জন্য কতটা নিবেদিত তাঁর প্রাণ। আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য নিজের শরীর আর জীবনধারা পুরোপুরি পালটে ফেলেছেন ৫৯ বছর বয়সী এই সুপারস্টার। ছবির পটভূমি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত — ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে হওয়া ঐতিহাসিক সংঘর্ষ।

সলমন খান
শেষ আপডেট: 10 July 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘ভাইজান’ সলমন খান আবারও প্রমাণ করলেন, অভিনয়ের জন্য কতটা নিবেদিত তাঁর প্রাণ। আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য নিজের শরীর আর জীবনধারা পুরোপুরি পালটে ফেলেছেন ৫৯ বছর বয়সী এই সুপারস্টার। ছবির পটভূমি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত — ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে হওয়া ঐতিহাসিক সংঘর্ষ।
এই কঠিন ভূপ্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শুরু থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন সালমান। শুধু ওজন কমানো নয়, দেহের গঠন আরও ধারালো করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন তিনি। নিয়োগ করেছেন ব্যক্তিগত ট্রেনার, বন্ধ করেছেন মদ্যপান ও ফাস্ট ফুড, এমনকি বাতিল করেছেন সফট ড্রিংক্সও। কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে এখন তার ডায়েট একেবারে ফৌজি স্টাইলে!
তবে এখানেই থেমে থাকেননি। ছবির শুটিংয়ের আগেই উচ্চ পার্বত্য অঞ্চলের চাপ সামলাতে নিজেকে প্রস্তুত করতে জিমেই উচ্চচাপের চেম্বারে অনুশীলন করছেন সলমন — যা লেহ্-এর উচ্চতার মতো পরিবেশ তৈরি করে। শরীরকে আগে থেকেই মানিয়ে নিতে এই প্রযুক্তি ব্যবহার করছেন তিনি।
এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। ছবির পরিচালনায় আছেন ‘শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। ইতিমধ্যে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর একটি মোশন পোস্টার প্রকাশ পেয়েছে, যেখানে সলমনকে দেখা গেছে রক্তমাখা মুখ, গম্ভীর দৃষ্টিভঙ্গি, হাতে ধরা রয়েছে জড়ানো এক লাঠি ও পরনে কর্নেলবাবুর পোশাক— একেবারে রুদ্র রূপে! পোস্টারটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ঝড় তুলেছে ভক্তদের উচ্ছ্বাসে।
জানা গেছে, এই ছবির শুটিং শুরু হবে আগষ্ট মাসেই, লাদাখ দিয়ে যাত্রা শুরু করে কিছু অংশ মুম্বই এবং পরবর্তীতে কাশ্মীরেও হবে শুটিং। ভারত-চিন সীমান্তে হওয়া গালওয়ানের সংঘর্ষ, যেখানে একটিও গুলি না ছুঁড়ে শুধুমাত্র কাঁচা অস্ত্র, পাথর ও লাঠি দিয়ে হয়েছিল রুদ্ধশ্বাস লড়াই— সেই কাহিনিকেই বড়পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন সলমন। ভারতীয় সেনার সাহস ও আত্মবলিদানের এক বাস্তব অধ্যায়কেই এবার রূপ নিচ্ছে সিনেমার পর্দায়।

‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে সলমনের এই রূপান্তর এবং ছবির প্রথম ঝলকে অনুরাগীরা ইতিমধ্যেই বুঝে গেছেন, আসছে তীব্র অথচ আবেগঘন দেশাত্মবোধক চমক। এখন শুধু অপেক্ষা — সিনেমাহলে সেই মুহূর্তকে প্রত্যক্ষ করার!