
শেষ আপডেট: 18 August 2022 07:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৫ অগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পাভেলের পরবর্তী বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার, গান মুক্তি পেয়ে গিয়েছে। যা দর্শকরা বেশ পছন্দও করেছেন। ছবির প্রথম গান 'গীতবিতানের দিব্যি' বেশ পছন্দ করেছিলেন শ্রোতারা। এবার 'মধ্যরাতের গান'ও (Madhyaraater Gaan) মুক্তি পেতে রাতারাতি হিট।
দু'দিন আগেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় 'মধ্যরাতের গান'। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যরাতের গল্পকে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বারিষের কথায় ও সৌপ্তিক মজুমদারের সুরে ছবির এই দ্বিতীয় গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স ইক্যুয়ালস টু প্রেম' ছবিতে বারিষের লেখা গান 'ভালবাসার মরসুম' এখনও ট্রেন্ডিংয়ে। এরমধ্যেই পাভেলের ছবির 'মধ্যরাতের গান'ও যে নতুন করে সাফল্য এনে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া 'কলকাতা চলন্তিকা' আসলে তিনদিনের গল্প বলবে। ব্রিজ ভেঙে যাওয়ার আগেরদিন, ব্রিজ ভেঙে পড়ার দিনের ঘটনা এবং তার পরেরদিন- এই তিনদিনের গল্প নিয়েই গড়ে উঠেছে পাভেলের আগামী ছবি। সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, ইশা সাহা, দীতিপ্রিয়া রায়, কিরণ দত্ত, রজতাভ দত্ত-সহ টলিউডের বহু অভিনেতা।
‘গীতবিতানের দিব্যি’ দিয়ে ভালবাসার গল্প বললেন পাভেল! প্রকাশ্যে ‘কলকাতা চলন্তিকা’র প্রথম গান