
এ কেমন শিল্পী? গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 20 November 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: গতকাল থেকেই এক বিচ্ছেদের ঘটনায় তোলপাড় হয়েছে বিনোদন দুনিয়া। রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের ঘোষণা (AR Rahman Divorce)। দু’পক্ষই বিবৃতি দিয়ে জানিয়েছেন সম্পর্কের টানাপড়েনের যাবতীয় কথা। একদিকে সায়রা বানু (Saira Banu) জানান, তাঁর পক্ষে এই সিদ্ধান্ত নেওয় মোটেও সহজ ছিল না, তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।
অন্যদিকে রহমান তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো...’
এ আর রহমান আপাত দর্শনে শান্তশিষ্ট। তাঁর সঙ্গে স্ত্রীর যে অশান্তি হতে পারে ভাবতেই পারছেন না অনেকে। পরকীয়ার সম্পর্ক তো দূরের গ্রহ।
বিবাহ বিচ্ছেদের ঘটনা নতুন নয়। বলিউড দম্পতিদের বিচ্ছেদের ঘটনাও। আমির খান থেকে হৃতিক কিংবা কঙ্কনা থেকে কল্কি, অনেকেই এমন এক কঠিন সিদ্ধান্ত শান্তভাবে নিয়েছেন। ক্ষোভ কিংবা অভিযোগ দূরে রেখে, পারস্পরিক সম্পর্ককে সম্মান দিয়ে বৈবাহিক জীবন থেকে বেরিয়ে আসার নিদানও রয়েছে ভুরিভুরি। শুধু বলিউড নয় গানের জগতে এ ধরনের বিয়ে ভাঙার ঘটনা এই প্রথম নয়। তরুণ প্রজন্মের হাকর্টথ্রব হানি সিং কিংবা রফতারও হেঁটেছিলেন বিচ্ছেদের পথে।
তবে বিবাহ বিচ্ছেদের পর প্রতিক্রিয়া স্বরূপ কিশোর কুমার যা করেছিলেন তা জানার পর চোখ কপালে উঠবে আপনারও! কিংবদন্তি সঙ্গীতিশিল্পী কিশোর কুমারকে ঘিরে সবচেয়ে উদ্ভট ঘটনাগুলোর মধ্যে এটিই উৎকৃষ্ট।
গৌরী কুঞ্জ বাংলোতে পুঁতে দিয়েছিলেন নিজের সখের মরিস মাইনর গাড়ি!
বিশ্বাস হচ্ছে না! না হওয়ারই কথা। তবে এই ঘটনার সত্যতা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং কিশোর পুত্র অমিত কুমার।
মুম্বইয়ের জুহু এলাকায় ছিল কিশোর কুমারের বাংলো, গৌরী কুঞ্জ। একসময় বলিউড ছবির মূল প্রাণকেন্দ্র ছিল এই বাংলো। একটি সর্বভারতীয় কমেডি শোয়ের পর্ব চলকালীন, সঞ্চালক কিশোর পুত্র অমিত কুমারকে সেই বাংলোর নিচে গাড়ি পুঁতে রাখার সেই গুজব সম্পর্কে জিজ্ঞাসা করেন। অমিত কুমার ঘটনাটি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, এটা সত্যি। বাংলোটি কিশোর সাহেবের। প্রথম হিরো হওয়ার পর বাবা, মায়ের জন্য সবুজ রঙা গাড়িটি কেনেন। ১৯৪৯ সালে এটাই ছিল আমাদের প্রথম কেনা গাড়ি। গাড়িটি প্রায় ১০-১২ বছর আমাদের সঙ্গেই ছিল। ১৯৫৯ পর্যন্ত গাড়িটাকে দেখেছি, এটা মনে আছে,’’
তাঁকে আরও জিজ্ঞাসা করা হয় যে কীভাবে গাড়িটি কীভাবে গাড়িটির ঠাঁই হল ভূগর্ভে?
অমিত হাসতে-হাসতেই জানান যে, তার বাবা-মার বিচ্ছেদের পর এই ঘটনাটি ঘটে। “আমার বাবা এমনই ছিলেন। তার বিবাহবিচ্ছেদের দিন, তিনি গাড়িটি কবর দেন,” বলেন অমিত।
View this post on Instagram
অমিত কুমারের মা, রুমা গুহ ঠাকুরতা ছিলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ভাইঝি। তিনি ১৯৫০ সালে কিশোর কুমারকে বিয়ে করেন এবং ১৯৫২ সালে তাঁদের এক সন্তান হয়। বিবাহ বিচ্ছেদের পর রুমা আবার বিয়ে করেন এবং তাঁর আরও দুটি সন্তান হয়। অন্যদিকে কিশোর কুমার বিচ্ছেদের পর মধুবালা, যোগিতা বালি এবং লীনা চন্দভারকরকে বিয়ে করেন। ১৯৮৭ সালে কিশোরের মৃত্যুর আগে পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন লীনা।
গৌরী কুঞ্জ বাংলো এখন রেস্তোরাঁ
২০২২ সালে, কিশোর কুমারের বাংলোটিকে এক আধুনিক রেস্তোরাঁয় বদলে ফেলেন ক্রিকেটার বিরাট কোহলি।