বিয়ের আগে কিরণ খেরের মজার কাণ্ডে বিমানবন্দরে প্রায় গ্রেফতার হতে হতে বাঁচেছিলেন অনুপম খের।

অনুপম খের এবং কিরণ খের
শেষ আপডেট: 30 November 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অনুপম খের (Anupam Kher) এবং কিরণ খেরের (Kirron Kher) দাম্পত্য জীবন দীর্ঘ বছরের। বিভিন্ন সময়ে একসঙ্গে সাক্ষাৎকারে এসে তাঁরা একে অপরের ব্যক্তিগত এবং মজার নানা দিক তুলে ধরেছেন। সম্প্রতি অনুপম খের তেমনই একটি মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন, যেখানে তাঁর স্ত্রী কিরণ খেরের একটি কাণ্ড তাঁকে প্রায় বিপদে ফেলে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিল বিমানবন্দরে।
অনুপম খের জানিয়েছেন, বিয়ের আগে একটি বিশেষ কাজে কিরণের সঙ্গে তিনি বাইরে গিয়েছিলেন। বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই কিরণ এক মজার কাণ্ড করেন। অনুপমের কথায়, "বিমানবন্দরে পা দিতেই কিরণ সকলকে ডেকে বলেছিলেন যে আমার কাছে নাকি চরস আছে! আমি কিরণকে বলেছিলাম, যদি তোমার কথা শুনে আমাকে গ্রেফতার করে, তা হলে আমি তোমার সঙ্গে থাকব না।"
অনুপম এও জানান, তাঁর সঙ্গে থাকা ব্যাগে সব সময় ধূপ থাকত, কিন্তু কিরণ বিষয়টি নিয়ে মজা করে এমন কাণ্ড ঘটিয়েছিলেন।
যদিও অনুপম খের এখন নেশা থেকে দূরে, তবুও ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-এর ছাত্র থাকার সময়কার কিছু অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। তিনি জানান, সেই সময় কয়েকবার নেশাভাঙ করেছিলেন এবং একবার গাঁজা সেবনের পর তাঁর মনে হয়েছিল তিনি যেন আকাশে উড়ে যাচ্ছেন। তবে গাঁজার চেয়েও নাকি ভাং তাঁকে বেশি ভুগিয়েছিল।
অনুপম বলেন, "আমি আর আমার বন্ধুরা হস্টেলের ছাদে দাঁড়িয়ে ভাং খেয়েছিলাম। এরপর মনে হয়েছিল আমি আর বাঁচব না। সেদিনকার কথা আমি কোনও দিন ভুলব না। তারপর আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম আর কখনও নেশা করব না।" অনুপমের এই নেশার অতীতের কথা কিরণ খের জানতেন বলেই বিমানবন্দরে তিনি এমন মজার ছলে অভিযোগ করেছিলেন।