শয্যাশায়ী হয়ে পড়েছেন পরিচালক কিরণ রাও। সমাজমাধ্যমে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।

আমির খান ও কিরণ রাও
শেষ আপডেট: 17 February 2026 19:31
দ্য ওয়াল ব্যুরো: বছরশেষে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন পরিচালক কিরণ রাও (Kiran Rao)। সেই সময় হাসপাতালের পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খান-এর (Aamir Khan) নাম ও পদবি ব্যবহারের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন কিরণ। এ বার সমাজমাধ্যমে নিজেই শয্যাশায়ী অবস্থার ছবি শেয়ার করে জানালেন তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা।
ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন কিরণ, পাশে রয়েছে তাঁর প্রিয় পোষ্য বিড়াল। পায়ের কাছে রাখা একগুচ্ছ বই যেন তাঁর সুস্থ জীবনের প্রতীক, কিন্তু আপাতত সেই বই পড়ার মতো শক্তিও নেই তাঁর শরীরে। পোস্টে কিরণ জানিয়েছেন, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে বাড়িতেই একা রয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে আবার বই পড়ায় ফিরবেন বলেও আশাবাদী তিনি।
বর্তমানে তাঁর ছেলে আজাদ মুসৌরির বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। আমিরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্ক আজও বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের, এমনকি আমিরের বাড়ির কাছেই থাকেন কিরণ। যদিও এই অসুস্থতার সময়ে প্রাক্তন স্ত্রীর খোঁজ কতটা রাখছেন আমির, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
উল্লেখ্য, গত বছর কিরণের অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়েছিল। তার কিছু দিন পর অ্যালার্জিজনিত সমস্যার কারণেও তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। সেই ধকল কাটিয়ে ওঠার আগেই আবার অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা।