
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 10 April 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘কিলবিল সোসাইটি’। ১৩ বছর আগে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম দিককার অন্যতম প্রশংসিত ছবি ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েল এটি। আর ছবি মুক্তির আগেই ঘনীভূত হয়েছে জল্পনা—এই ছবির অনুপ্রেরণা কী সত্যিই অ্যাঞ্জেলিনা জোলির জীবনের এক অধ্যায়? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন খোদ পরিচালক।
দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় স্পষ্ট জানান, অ্যাঞ্জেলিনা জোলির জীবনের এক বিশেষ অধ্যায় থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তিনি এবং তাঁর টিম। বললেন, “আমরা যখন হেমলক সোসাইটির সিক্যুয়েল ভাবছিলাম, তখন শুধু সিক্যুয়েল বানানোর জন্য বানাতে চাইনি। এমন গল্প খুঁজছিলাম, যেটা তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে। তখনই একদিন টুইটারে অ্যাঞ্জেলিনা জোলির জীবনের এক চাঞ্চল্যকর ঘটনার কথা পড়ি।”
সেই ঘটনার উল্লেখ করে পরিচালক বলেন, “মাত্র ১৯ বছর বয়সে জোলি একজন ভাড়াটে খুনিকে নিয়োগ করেন নিজেকেই খুন করার জন্য। তাঁর ইচ্ছা ছিল, এটি যেন আত্মহত্যা না হয়ে হত্যার মতো দেখায়। তবে সেই খুনি তাঁকে ফের চিন্তা করতে বলেন, এবং পরবর্তীকালে জোলি তাঁর সিদ্ধান্ত বদলান। আজ তিনি বিশ্বজোড়া মানবিকতার প্রতীক, সফল অভিনেত্রী ও সমাজকর্মী। এই রূপান্তরের গল্প আমাদের দারুণ ভাবে স্পর্শ করে।”
পরিচালক জানান, “হেমলক সোসাইটির শেষ দৃশ্যে দেখা যায় আনন্দ কর (পরমব্রত) একজন নতুন মানুষকে নিয়ে যাচ্ছে—যিনি আত্মহননের পথে হাঁটছেন। সেখান থেকেই গল্পের সূত্রপাত। সিক্যুয়েল মানেই পুরনো গল্প টেনে নিয়ে যাওয়া নয়, বরং নতুন আবহে সেই ভাবনাকে আধুনিক বাস্তবতায় মেলে ধরা।”
সৃজিতের কথায়, “জোলির সেই ঘটনাটা ছিল তথ্যচিত্রের মতো। আমরা সেটা নিয়ে কল্পনার রসদ মিশিয়ে চলচ্চিত্রের রূপ দিয়েছি। জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহননের চিন্তা আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যে জার্নি—সেটাই ‘কিলবিল সোসাইটি’-এর মূল সুর।” পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় রয়েছেন মুখ্য ভূমিকায়। এছাড়াও রয়েছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ।