অবশেষে সামনে এল কিয়ারা–সিদ্ধার্থের কন্যার প্রথম ঝলক!

কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা
শেষ আপডেট: 28 November 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পাওয়ার কাপল (Power Couple) কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) পরিবারে এসেছে নতুন সদস্য। বিয়ের দুই বছরের মাথায়, চলতি বছরের ১৬ জুলাই তাঁরা কন্যা সন্তানের জন্ম দেন। অনুরাগীদের মধ্যে কৌতুহল ছিল, তারকা দম্পতি মেয়ের কী নাম রাখবেন। অবশেষে শুক্রবার এই জল্পনার অবসান ঘটল। মেয়ের প্রথম ঝলক সামনে এনে তার নাম ঘোষণা করলেন এই তারকা দম্পতি।
এদিন কিয়ারা ও সিদ্ধার্থ যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি আবেগঘন পোস্ট করেন। কিয়ারা লেখেন, "আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনে সেরা আশীর্বাদ, আমাদের রানি।"
এরপরই তাঁরা মেয়ের নাম ঘোষণা করে লেখেন, সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra)।
মেয়ের প্রথম ঝলক সামনে আসার পর কমেন্ট সেকশন শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায়। পরিচালক-প্রযোজক করণ জোহর লেখেন, "আমার ভালবাসা ও আশীর্বাদ সবসময়।" এছাড়াও বরুণ ধাওয়ান, সঞ্জয় কাপুর এবং মনীশ মালহোত্রা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, রাজস্থানের জয়সলমেরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শিশুর মোজা ধরে একটি ছবি পোস্ট করে তাঁরা সন্তান আগমনের বার্তা দিয়েছিলেন। জুলাই মাসে মেয়ের জন্ম দেন কিয়ারা।