
শেষ আপডেট: 26 October 2023 22:15
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে যেন হিট সিনেমার সিক্যুয়েল তৈরির হিড়িক লেগেছে। এবছর অগস্ট মাসে ‘গদর ২’, ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল একইদিনে। খুব শিগগিরই বড়পর্দায় আসবে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ও ‘হেরা ফেরি ৩’। এবার রাজকুমার সন্তোষীর সুপারহিট ছবি ‘খাকি’র সিক্যুয়েল আসতে চলেছে। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, ঐশ্বর্য রাই বচ্চন, তুষার কাপুর, অজয় দেবগণের মতো একাধিক তারকা সম্বলিত এই ছবি ২০০৪ সালের বক্স অফিসে অন্যতম বড় হিট ছবি ছিল।
প্রায় ২০ বছর পর আসতে চলেছে ‘খাকি’র সিক্যুয়েল। প্রথম ছবির প্রযোজক প্রয়াত কেশু র্যামসের ছেলে অভিনেতা-নির্মাতা আর্যমান এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “আমরা ‘খাকি’র সিক্যুয়েল নিয়ে ভাবনাচিন্তা করছি। আগামী বছরে আমরা ছবিটি নিয়ে ফ্লোরে যেতে পারি। ২০২৪-এই ‘খাকি’র ২০ বছর পূর্ণ হবে। যেই সিনেমা এখনও সবাই মনে রেখেছে। আমরা সিক্যুয়েলের গল্পটা বর্তমান সময়ের উপরেই তৈরি করছি এবং আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় ভাগ তৈরি হবে।
তবে প্রথম গল্পের মতো দ্বিতীয় ছবিতেও কি একাধিক তারকা থাকবেন? আগের ছবি থেকে এই ছবিতে কি কোনও অভিনেতাকে দেখা যেতে পারে? এই প্রসঙ্গে আর্যমান বলেছেন, “প্রথম গল্পের শেষে অক্ষয় কুমার, অজয় দেবগণ, ঐশ্বর্য রাই বচ্চনের চরিত্রগুলি মারা গিয়েছিল। তাই ওঁদেরকে আর সিক্যুয়েলে ফিরিয়ে আনা সম্ভব না। তবে তুষার কাপুর ও অমিতাভ বচ্চনকে ধরেই আমরা স্ক্রিপ্ট তৈরি করছি। ওঁদের সঙ্গে পেলে ভালই হবে। আর বাকি চরিত্রগুলির জন্য নতুন অভিনেতাদেরই নেব।”