৭ জানুয়ারি, বুধবার বিকেলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সন্তানের মুখ প্রকাশ না করলেও, ছোট্ট হাতের ছবির সঙ্গেই নামের ঘোষণা মুহূর্তে মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। পোস্টের সঙ্গে ক্যাপশনে ক্যাটরিনা ও ভিকি লেখেন, “Our ray of light”—অর্থাৎ আমাদের জীবনের আলো।

শেষ আপডেট: 7 January 2026 17:53
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর সুখবরটি শেয়ার করে নিলেন তারকা দম্পতি। তাঁরা পুত্রসন্তানের নাম রেখেছেন বিহান কৌশল।
৭ জানুয়ারি, বুধবার বিকেলে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সন্তানের মুখ প্রকাশ না করলেও, ছোট্ট হাতের ছবির সঙ্গে নামের ঘোষণা মুহূর্তে মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। পোস্টের সঙ্গে ক্যাপশনে ক্যাটরিনা ও ভিকি লেখেন, “Our ray of light”—অর্থাৎ আমাদের জীবনের আলো।
ভিহান নামের অর্থ দিনের প্রথম আলো, নতুন সূর্যের রশ্মি। আশাবাদী হওয়া, ইতিবাচকতা আর নতুন শুরুর প্রতীক হিসেবেই এই নামের তাৎপর্য বর্তমান।
প্রসঙ্গত, ২০২৫-এর শেষের দিকে মা–বাবা হন এই তারকা দম্পতি। তবে শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট সংযত ছিলেন তাঁরা। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এলেও নাম কিংবা কোনও ছবি এতদিন সামনে আনেননি। অনুরাগীদের অনুরোধ, কৌতূহল—সবকিছুর মাঝেও নিজেদের মতো করে সময় নিয়েছেন ক্যাটরিনা ও ভিকি।
নাম ঘোষণার পোস্ট সামনে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছে সোশ্যাল মিডিয়া। বলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দেন ছোট্ট ভিহানকে। অনেকেই কমেন্টে লিখেছেন, নামের মতোই সে যেন বাবা–মায়ের জীবনে আরও আলো নিয়ে আসে।
ক্যাটরিনা ও ভিকির সম্পর্কের সমীকরণ বরাবরই সকলের নজর কাড়ে। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়া, ব্যক্তিগত মুহূর্ত আগলে রাখা—এই বিষয়গুলোতে বরাবর নজির গড়েছেন তাঁরা। সন্তানের নাম ঘোষণার ক্ষেত্রেও সেই সংযম ও আবেগের মেলবন্ধন চোখে পড়ল।
নতুন অধ্যায়ে পা রেখে ভিকি–ক্যাটরিনার জীবন যে আরও পূর্ণতা পেল, তা ‘ভিহান’ নামেই স্পষ্ট।