অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননের পর এবার আলিবাগে জমি কিনলেন অভিনেতা কার্তিক আরিয়ান। প্রায় ২ কোটি টাকা দিয়ে ২,০০০ বর্গফুটের প্লট কিনে নতুন বিনিয়োগ করলেন তিনি।
.jpeg.webp)
কার্তিক আরিয়ান
শেষ আপডেট: 4 September 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: আলিবাগের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন কার্তিক আরিয়ান। দু'কোটি টাকা দিয়ে কিনলেন জমি। তাহলে কি শীর্ঘ্রই মুম্বই ছেড়ে নিরিবিলি আলিবাগে থাকা শুরু করবেন অভিনেতা?
সূত্রের খবর, কার্তিক আলিবাগে দু'হাজার বর্গফুটের একটি প্লট কিনেছেন। ‘দ্য হাউস অব অভিনন্দন লোধা’ (HoABL)-র ফ্ল্যাগশিপ প্রকল্প ‘শ্যাটো দ্য আলিবাগ’-এ রয়েছে এই জমি।
এই শ্যাটো দ্য আলিবাগ, ঘন সবুজে ঘেরা। এখানে রয়েছে আধুনিক জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় একাধিক সুবিধা, ছাদবাগান, লাউঞ্জ রুম, রিফ্লেক্সোলজি ট্র্যাক, পুল ডেক, কমিউনিটি হল, এমনকি বিনোদন এবং সামাজিক অনুষ্ঠানের জন্য দু'টি ক্লাবহাউসও।
এই জমি নিয়ে কার্তিক বলেন, ‘আজকের দিনে আলিবাগ বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। মুম্বইয়ের কাছেই। আমি এখানে নিজের বাড়ি তৈরি করতে চাই। এই প্রথম আমি জমি কিনলাম এবং অভিনন্দন লোধা সংস্থার ওপর পূর্ণ ভরসা রয়েছে, তাই এই বিনিয়োগ নিয়ে খুব খুশি।
সংস্থার চেয়ারম্যান অভিনন্দন লোধা কার্তিককে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের প্রজেক্ট ছিল আলিবাগের প্রথম ব্র্যান্ডেড ল্যান্ড ডেভেলপমেন্ট। কার্তিকের এই বিনিয়োগ প্রমাণ করছে আলিবাগ কীভাবে দ্রুত মুম্বইবাসীদের কাছে বিলাসবহুল ও নিরিবিলিতে থাকার আদর্শ জায়গা হয়ে উঠছে। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, কৃতি শ্যানন-সহ বহু ব্যবসায়ী ও কর্পোরেট কর্তারা এখানে বিনিয়োগ করেছেন।’
গত বছর অমিতাভ বচ্চন এই সংস্থার কাছ থেকেই ১০ কোটি টাকায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছিলেন। কৃতি স্যাননও একই সংস্থার ‘সোল দ্য আলিবাগ’ প্রকল্পে ২ হাজার বর্গফুটের একটি প্লট কিনেছেন।
ভুলভুলাইয়া ৩-এর পর সামির বিদওয়ানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে অনন্যা পাণ্ডের বিপরীতে তাঁকে দেখা যাবে। করণ জোহারের প্রযোজনায় তৈরি ‘নাগজিলা’ ছবিতে অভিনয় করছেন। পাশাপাশি অনুরাগ বসুর পরিচালনায় শ্রীলীলা-র সঙ্গে এক রোম্যান্টিক ছবির শুটিংও করছেন কার্তিক।