কার্তিক আরিয়ান ও শ্রীলীলাকে নিয়ে অনুরাগ বসুর নতুন রোমান্টিক ছবি প্রায় শেষ পর্যায়ে।

কার্তিক আরিয়ান ও শ্রীলীলা
শেষ আপডেট: 9 October 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা কার্তিক আরিয়ান ও পরিচালক অনুরাগ বসুর নতুন ছবি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে, যার মূল আকর্ষণ দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। ছবিটির শুটিং প্রায় শেষ, কিন্তু এর নাম নিয়ে রহস্য এখনও জারি ছিল। তবে সম্প্রতি নতুন শিরোনাম সামনে এসেছে, যা 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির নস্টালজিয়াকে ধরে রাখতে চাইছে।
প্রথমে শোনা গিয়েছিল, এটি 'আশিকি ৩' (Aashiqui 3) হতে চলেছে। যদিও পরিচালক অনুরাগ বসু আগেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন, স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁর ছবিটি আশিকি ফ্র্যাঞ্চাইজির অংশ নয়।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, মিড ডে-র রিপোর্টে জানা গেছে, ছবিটির নতুন নাম হতে পারে 'তু মেরি জিন্দেগি হ্যায়'। ঘনিষ্ঠ সূত্রের খবর, নির্মাতারা চেয়েছিলেন এমন একটি নাম, যা আশিকি-এর নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখবে, কিন্তু একই সঙ্গে কোনও আইনি জটিলতা তৈরি করবে না।
সূত্রের খবর, "তু মেরি জিন্দেগি হ্যায়" (যা প্রথম আশিকি ছবির একটি বিখ্যাত গান) এই কারণেই উপযুক্ত বলে মনে হয়েছে। ছবিটি ২০২৬ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। অনুরাগ বসুর এই ছবিটি হতে চলেছে একটি প্রেমের গল্প।
কার্তিক-শ্রীলীলার অনস্ক্রিন প্রেমের বেশ কিছু ছবি এবং ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিকিম ও দার্জিলিংয়ের মনোরম লোকেশনে প্রথম পর্বের শুটিংয়ের পর, বর্তমানে মুম্বইয়ে ছবির বাকি অংশের কাজ চলছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত শুটিং চলবে এবং চূড়ান্ত কিছু দৃশ্যের শুটিং বা 'প্যাচওয়ার্ক' ২০২৬ সালের শুরুর দিকে শেষ হবে।