২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। প্রথমদিকে সব ঠিক থাকলেও ধীরে ধীরে সেই সম্পর্ক ভাঙনের পথে এগোয়।

কেন সঞ্জয়কে পছন্দ করতেন না রণধীর?
শেষ আপডেট: 17 June 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর ছিলেন বচ্চন পরিবারের সম্ভাব্য পুত্রবধূ। ২০০২ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বাগদানও হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, করিশ্মার মা ববিতা নাকি এই বিয়ে চাননি। সে সময় করিশ্মা সুপারস্টার হলেও অভিষেকের জনপ্রিয়তা ছিল খুবই নগণ্য।
২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। প্রথমদিকে সব ঠিক থাকলেও ধীরে ধীরে সেই সম্পর্ক ভাঙনের পথে এগোয়। তাঁদের দুটি সন্তান থাকলেও সম্পর্কের অবনতি ঠেকানো যায়নি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
করিশ্মা অভিযোগ করেছিলেন গার্হস্থ্য হিংসার, অন্যদিকে সঞ্জয়ের দাবি ছিল—তিনি টাকা-পয়সার জন্যই বিয়ের পাত্র হয়েছিলেন। করিশ্মার বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরও এই বিয়েতে শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে সঞ্জয়কে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেন তিনি। রণধীর বলেন, “সঞ্জয় একটা থার্ডক্লাস ছেলে। আমাদের পরিবারের টাকার অভাব নেই, মেয়েকে কারও অর্থের জন্য দৌড়তে হয় না।”
এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, "আমি কখনও চাইনি সঞ্জয়কে করিশ্মা বিয়ে করুক। কখনও স্ত্রীর জন্য ভাবেনি। অন্য মেয়ে নিয়ে থাকত। গোটা দিল্লি জানে ও কীরকম ছেলে।"
২০১৬ সালের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তিতে করিশ্মা পান ৭০ কোটি টাকা খোরপোশ। সন্তানের জন্য ১৪ কোটি মূল্যের বন্ড এবং একাধিক সম্পত্তির অধিকার।
২০২৫ সালের ১২ জুন, ৫৭ বছর বয়সে প্রয়াত হন সঞ্জয় কাপুর। ফোর্বস জানাচ্ছে, মৃত্যুকালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০,৩০০ কোটি। তাঁর সংস্থা ‘সোনা কমস্টার’ বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং আন্তর্জাতিক বাজারে বেশ সাফল্যের সঙ্গে বহুদিন ধরেই আসিন।