সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহর জানান, তিনি এক সপ্তাহের জন্য ‘ডিজিটাল ডিটক্স’-এ যাচ্ছেন। এই সময়ের মধ্যে কোনও স্ক্রোলিং, পোস্ট, স্টোরি বা ডিএম, কিছুই করবেন না তিনি। এমনকি কারও মেসেজের উত্তরও দেবেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন করণ।

শেষ আপডেট: 27 January 2026 13:37
দ্য ওয়াল ব্যুরো: বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় করণ জোহর (Karan Johar)। কখনও ব্যক্তিগত অনুভূতি, কখনও কাজের আপডেট, অনুরাগীদের সঙ্গে তাঁর ডিজিটাল যোগাযোগ বরাবরই চোখে পড়ার মতো। সেই করণ জোহরের এবারের সিদ্ধান্ত সবাইকে চমকে দিল। সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি (Social Media Break) নেওয়ার কথা নিজেই ঘোষণা করলেন প্রযোজক-পরিচালক।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহর জানান, তিনি এক সপ্তাহের জন্য ‘ডিজিটাল ডিটক্স’-এ যাচ্ছেন। এই সময়ের মধ্যে কোনও স্ক্রোলিং, পোস্ট, স্টোরি বা ডিএম, কিছুই করবেন না তিনি। এমনকি কারও মেসেজের উত্তরও দেবেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন করণ। স্টোরিতে তিনি লেখেন, “এক সপ্তাহের জন্য ডিজিটাল ডিটক্স। কোনও অযৌক্তিক স্ক্রোলিং নয়, কোনও ডিএম নয়, কোনও পোস্ট নয়। ঈশ্বর আমাকে এর থেকে দূরে থাকার শক্তি দিন।”
এই বিরতিতে যাওয়ার আগে অবশ্য করণ তাঁর অনুরাগীদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি। তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের শেয়ার করা একটি বিশেষ ভিডিও তিনি রি-শেয়ার করেন। সেই ভিডিয়োতে প্রথমে দেখা যায় আলিয়া ভাটকে, পরে অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরকে।
কাজের দিক থেকে বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন করণ জোহর। সম্প্রতি তাঁর প্রযোজিত ছবি ‘ধুরন্ধর’ ও ‘বর্ডার ২’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। এর আগে ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘হক’-এর জন্যও প্রশংসিত হয়েছিলেন তিনি। যদিও সেই প্রশংসা ঘিরেই একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইয়ামি গৌতম করণ জোহরের একটি রিয়্যালিটি শোতে নিজের ছবির প্রচারে এসেছিলেন। নেটিজেনদের একাংশের দাবি ছিল, একসময় করণ নাকি ইয়ামিকে উপেক্ষা করেছিলেন, আর এখন তাঁর ছবির সাফল্যে প্রশংসা করছেন। অতীতেও একাধিকবার ট্রোল্ড হওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন করণ জোহর।
এই সমস্ত কারণ মিলিয়েই কি তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন? নাকি এটি শুধুই মানসিক বিশ্রামের জন্য নেওয়া একটি বিরতি? সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা দেননি করণ জোহর। ফলে তাঁর এই ডিজিটাল ডিটক্সের নেপথ্যের আসল কারণ নিয়ে জল্পনা চলছেই।