এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ ও লিভ-ইন সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত। জানুন কেন তিনি এগুলোকে ভারতীয় সংস্কৃতির জন্য ক্ষতিকর বললেন।

কঙ্গনা রানাউত
শেষ আপডেট: 15 August 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত বরাবরই বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি আধুনিক ডেটিং অ্যাপ এবং লিভ-ইন সম্পর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর মতে, এগুলি ভারতীয় সংস্কৃতির জন্য ক্ষতিকর।
'হাউটারফ্লাই' ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করার কথা ভাবেন কিনা। এর জবাবে তিনি বলেন, "ডেটিং অ্যাপ সমাজের আসল 'নর্দমা'। সকলেরই কিছু না কিছু প্রয়োজন থাকে, তা সে আর্থিক হোক বা শারীরিক।"
তিনি আধুনিক ডেটিংয়ের এই প্রক্রিয়াকে 'নিচু কাজ' হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আমার পক্ষে এমন মানুষের সংস্পর্শে আসা ভাবাও সম্ভব নয়।" কঙ্গনা আরও বলেন, যাঁরা নিজের জীবনে কিছু করতে পারেননি, তাঁদের মতো মানুষেরাই কেবল ডেটিং অ্যাপ ব্যবহার করেন। তিনি বলেন, “যদি আপনি অফিস, কলেজ বা আত্মীয়দের মাধ্যমে কোনও সঙ্গী খুঁজে না পান এবং ডেটিং অ্যাপে যান, তাহলে আপনার চরিত্র কেমন, তা সহজেই বোঝা যায়। ডেটিং অ্যাপে শুধুমাত্র ব্যর্থ মানুষরা থাকেন, যাদের থেরাপির প্রয়োজন।”
সাক্ষাৎকারে লিভ-ইন সম্পর্ক নিয়েও কঙ্গনাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, কিছু প্রথা যেমন বিবাহ, সেগুলিকে অপরিবর্তিত রাখা উচিত। তাঁর মতে, লিভ-ইন সম্পর্ক মহিলাদের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “পুরুষরা শিকারি, তারা কোনও মহিলাকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে। তাই আমাদের সমাজে বিবাহ খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, "বিবাহ হল পুরুষের পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া একটি প্রতিশ্রুতি। লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি গর্ভবতী হন, তাহলে কে আপনার দায়িত্ব নেবে?" কঙ্গনা বলেন, বৈজ্ঞানিকভাবেও পুরুষরা মনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে, কিন্তু নারীরা তা পারে না। তাই নারীদের সুরক্ষার জন্য আইনগুলি এমনভাবে তৈরি হয়েছে, যাতে তারা পুরুষদের থেকে সুরক্ষিত থাকে।