
ফাইল ছবি।
শেষ আপডেট: 2 April 2025 14:35
দ্য ওয়াল ব্যুরো: কনীনিকা মানেই আমাদের সেই চেনা 'পাখি'। ২০০০ সালের আইকনিক সিরিয়াল 'এক আকাশের নীচে' দিয়ে পাখি চরিত্রে অভিনয়ের হাতেখড়ি হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষকসম পরিচালক রবি ওঝা-র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন কনীনিকা। প্রথম দিন থেকেই মায়ের হাত ধরে শ্যুটিং ফ্লোরে আসতেন কনীনিকা।
সেই মা কল্পনা বন্দ্যোপাধ্যায় গতকাল ১ এপ্রিল মঙ্গলবার বিকেলে প্রয়াত হন। বয়স হয়েছিল মাত্র ৬৪ বছর। কনীনিকার সকল শক্তির উৎস ছিলেন তাঁর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। শ্যুটিং ফ্লোর থেকে নানা রিয়্যালিটি শোতে মেয়ের সঙ্গে দেখা যেত মায়ের হাসি মুখ। কল্পনা দেবীর দুই মেয়ে কনীনিকা ও ঋত্বিকা।
কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের ২৫ বছরেই প্রয়াত হলেন তাঁর মা। কনীনিকা একবার বলেছিলেন, তাঁর মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু প্রথম যৌবনেই মেয়ে চোখে পড়ে যায় পরিচালক রবি ওঝার। রবি স্যার মাটির তালকে গড়ে তোলেন নিখুঁত অভিনেত্রী। শুধু তাই নয়, রবি ওঝার প্রথম ছায়াছবি 'আবার আসিব ফিরে'তে নায়িকার ভূমিকায় চলচ্চিত্রে অভিষেক হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। বিপরীতে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছোট পর্দা ও বড় পর্দায় দুদিকেই নিজের জাত চিনিয়ে দেন অভিনেত্রী। এরপর 'রাত ভোর বৃষ্টি', 'কখনও মেঘ কখনও বৃষ্টি', 'নীল সীমানা' সহ একাধিক টেলিছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেন কনীনিকা।
পরবর্তী দিকে লীনা গঙ্গোপাধ্যায়ের 'অন্দরমহল' ধারাবাহিকে পরমেশ্বরী চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান কনীনিকা। তারপর 'আয় তবে সহচরী' সিরিয়ালে মায়ের মূল চরিত্রেও সাড়া জাগিয়েছিল কনীনিকার মুখের সংলাপ। এ যুগে আটপৌরে নারী চরিত্রকে এ সময়ের দাঁড়িয়ে ফুটিয়ে তুলতে কনীনিকার জুড়ি মেলা ভার। যেন নিজের মাকেই এমন সব চরিত্রে পর্দায় তুলে ধরতেন কনীনিকা।
মেয়ে কনীনিকা ডাক্তার না হয়ে অভিনেত্রী হওয়াতে মায়ের আর আক্ষেপ ছিল না। ভবানীপুরের বকুল বাগানের মেয়ে কনীনিকা টালিগঞ্জে জনপ্রিয়তা পাবার পর সারা অঞ্চলের তারকা হয়ে ওঠেন। মা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের সেই নিয়ে গর্বের শেষ ছিল না। আপাতত টেলিভিশনে একটি জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ দেখা যাচ্ছে কনীনিকাকে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি চেন্নাইতেও বেশ কিছুটা সময় ধরে চিকিৎসা হয়েছিল কল্পনাদেবীর। মা-কে সুস্থ করে তুলতে কোনও চেষ্টারই খামতি রাখেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে কনীনিকা লেখেন "একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।"