
কাঞ্চন-শ্রীময়ী
শেষ আপডেট: 28 April 2025 22:01
দ্য ওয়াল ব্যুরো: গত বছরই প্রথম বার কন্যা সন্তানের বাবা হয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। বাড়ির নিয়মানুযায়ী এখনও মেয়ে কৃষভির ছবি সামনে আনেননি কাঞ্চন-শ্রীময়ী। তবে এবার বোধহয় সেই নিয়মের অবসান হতে চলেছে। আগামী বুধবার কাঞ্চনের মেয়ের মুখ-প্রসাদ।
দ্য ওয়ালকে কাঞ্চন জানালেন, বাড়িতে মুখেভাতের অনুষ্ঠান হয় না। সেই কারণে কলকাতার ইস্কনে গিয়ে কৃষভির মুখে তুলে দেওয়া হবে প্রসাদ। একেবারেই অনাড়ম্বর ভাবে পালিত হবে এই অনুষ্ঠান।
তাঁর কথায়, "বাড়িতে গোপাল আছে, তাই অন্নপ্রাশন হয় না। তাই ঠিক করেছি পরশুদিন ইস্কনে গিয়ে ঠাকুরের প্রসাদ দেব। আশা করছি, এরপরেই মেয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারব।"
মেয়েকে বাড়িতে রেখেই চুটিয়ে কাজ করছেন কাঞ্চন ও শ্রীময়ী। নতুন ধারাবাহিক শুরু করেছেন শ্রীময়ী। ওদিকে কাঞ্চনের হাতেও পরপর ছবির কাজ। কিছু দিন আগে অতিরিক্ত কাজের চাপ অসুস্থ হয়েছিলেন কাঞ্চন। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। তবে এ দিন তিনি জানান, দুর্বলতা থাকলেও আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন উত্তরপাড়ার বিধায়ক।