
শেষ আপডেট: 14 December 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে মুক্তির ২২ বছর পেরিয়ে গেল বলিউডের অন্যতম বড় তারকা সম্বলিত ছবি ‘কভি খুশি কভি গম’। করণ জোহরের পরিচালনায় ২০০১ সালে আজকের দিনেই (১৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছিল সিনেমাটি। আজ মুক্তির ২২ বছর উদযাপন উপলক্ষে ছবির অন্যতম প্রধান অভিনেত্রী ডুব দিলেন শ্যুটিংয়ের স্মৃতিচারণায়। ফেসবুকে একটি ভিডিওর কোলাজ পোস্ট করেছেন তিনি, সঙ্গে ক্যাপশনে তুলে ধরেছেন শ্যুটিংয়ের নানা ঘটনা।
কোনও ছবির শ্যুটিংয়ের সময় নানাধরনের ঘটনা ঘটে, যেগুলো সাধারণ দর্শকদের কাছে অজানাই থাকে। তবে ছবি যদি হয় সুপারহিট, তাহলে দর্শক তা জানতে উদগ্রীব থাকে। কাজল জানিয়েছেন, এই ছবির শ্যুটিং চলাকালীন হঠাৎ একদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরিচালক করণ জোহর। এমনকী ‘কভি খুশি কভি গম’ যে শাহরুখের বড়ছেলে আরিয়ান খানের ডেবিউ সিনেমা, সে কথাও অনেকেই জানেন না। এদিন অভিনেত্রী শেয়ার করেছেন সে কথাও।
কাজল লিখেছেন, “২২ বছর হয়ে গেল ‘কভি খুশি কভি গম’-এর। জীবনের আরও একটি দীর্ঘস্থায়ী স্মৃত! যশ আঙ্কেল (প্রযোজক যশ জোহর) ফিল্মিস্তান স্টুডিওতে নতুন মেকআপ রুম সংস্কার করে স্থায়ীভাবে এই ছবির শ্যুটিংয়ের জন্য তৈরি করেছিলেন, কারণ ভ্যানিটি ভ্যান থাকা সত্ত্বেও ছবির বিশাল স্টারকাস্টের জন্য তা যথেষ্ট ছিল না। শ্যুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই ডিহাইড্রেশনের কারণে করণ জোহর সেটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান।”
এরপর তিনি আরও লেখেন, “এই ছবিতেই আরিয়ান খানের বড়পর্দায় অভিষেক! আমি মনে করি আমারও প্রথম প্রত্যাবর্তন (যদিও এই বিষয়টি নিয়ে আমি নিশ্চিত না)। এবং প্রথম ও একমাত্র আমি যখন পিরামিডের সামনে দাঁড়িয়েছিলাম এবং সত্যিই সেই মুহূর্তগুলিকে আমি এখনও আত্মস্থ করে রেখেছি। তাই আক্ষরিক অর্থেই এটি একটি 'বড়' ছবি, জীবন ও কেরিয়ারের ক্ষেত্রে।” কাজলের পাশাপাশি ছবিটি নিয়ে স্মৃতিচারণা করেছেন পরিচালক করণ জোহরও।