.jpg)
সকালের নিজস্বী
শেষ আপডেট: 14 February 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো: তাঁর জীবনে প্রেম এসেছে বারেবারে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে নানা চর্চা। তবু বিদ্রোহ আর চুমুর দিব্যি খেয়ে তিনি বলে এসেছেন কাকে চাই তাঁর। রূপসী হাতছানি হেলায় এড়াতে তিনি পারেননি তাই তো প্রেমদিবসে নতুন প্রেয়সীর সঙ্গে আলাপ করালেন তিনি। তিনি অর্থাৎ কবীর সুমন।
প্রেমিকার নাম সৌমি বসুমল্লিক। পেশায় স্কুল শিক্ষিকা। সৌমিকে অবশ্য নিজের প্রেমিকা বলে নারাজ কবীর। তবে ভালবাসা যে তা স্বীকার করেছেন নিজেই। বলেছেন, "অসম্ভব ভালবাসি ওকে কিন্তু, প্রেমিকা নন। ওঁর নাম সৌমি বসুমল্লিক। স্কুলের শিক্ষিকা। আমার বাড়িতে উনি একজন বিশিষ্ট জন, আমার স্বজন যিনি আমার যত্ন নেন ও দেখভাল করেন। আমাকে তো বাঁচিয়ে রেখেছে...। আজ সকালে যখন স্কুলে যাচ্ছিল তখন খুব যত্ন করে ভালবেসে ছবিটা তুলেছি। আমার এখন শরীরের যা অবস্থা একা থাকা বারণ। দু-তিনজন পালা করে থাকেন।"
তিনি জানান, গত রাতে সৌমি ছিলেন তাঁর বাড়ি। সকালে উঠেই মনে হয়েছে একটা ছবি তোলা দরকার। অগত্যা এই ছবি। তরুণীর কাজল কালো চোখে। কেশরাজিতে মুখ গুঁজে কবীরের ঘ্রাণ নেওয়ার ছবি যদিও এখন ভাইরাল। আর তার চেয়েও বেশি ভাইরাল ছবির উপরের ক্যাপশনটি। যাতে লেখা, 'আমাদের ভ্যালেন্টাইন'। অথচ প্রেমিকা স্বীকার করতে নারাজ!
তিনি যেন ফিরে গিয়েছেন আরও কয়েক বছর আগে। যেন মনে করিয়ে দিয়েছেন তাঁর গানের লাইনগুলোই... 'সন্ধে হলেই সাজগোজ করো রোজ/সন্ধে তাতে কিছুই কি আসে যায়/ রূপসী তোমায় হেলায় এড়িয়ে গিয়ে/ সন্ধে রয়েছে রাতের অপেক্ষায়।'