শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। ভক্তদের আশ্বস্ত করে টিম জানাল— অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর
শেষ আপডেট: 20 September 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের একটি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। ঘটনাটি সামনে আসতেই তাঁর ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তুলতে থাকেন, ঠিক কেমন আছেন অভিনেতা?
শুক্রবার এনটিআরের টিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, অভিনেতা সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন। তবে তাঁর আঘাত সম্পূর্ণ সেরে উঠতে কতটা সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ফলে ভক্তদের উৎকণ্ঠা কমেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা ভেসে আসছে।
এর আগে হঠাৎ তাঁর চেহারার পরিবর্তন নিয়েও ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়েছিল। অনেকে ভেবেছিলেন, অসুস্থতার কারণেই হয়তো দ্রুত ওজন ঝরিয়েছেন তিনি। পরে জানা যায়, আসলে তাঁর এই রূপান্তর আসন্ন ছবির চরিত্রের প্রয়োজনে।
বর্তমানে এনটিআরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে তাঁর টিম। তাঁরা ভক্তদের আশ্বস্ত করে বলেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গুজবে কান না দিতে অনুরোধ করেছে।
শুধু সিনেমাতেই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও সম্প্রতি এনটিআরের উপস্থিতি নজর কেড়েছে। মার্কিন কনসাল জেনারেল লরা উইলিয়ামস হায়দরাবাদ সফরে তাঁর সঙ্গে দেখা করেন। বৈঠকের ছবি শেয়ার করে তিনি লেখেন, এনটিআরের মার্কিন প্রকল্পগুলো ভারত–মার্কিন সম্পর্ক ও শিল্প সহযোগিতাকে আরও শক্তিশালী করছে।
কর্মজীবনের দিকে তাকালে দেখা যায়, সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ওয়ার ২-এ, যেখানে হৃতিক রোশনের বিপরীতে পর্দায় আসেন। যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি এবং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। বর্তমানে তিনি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে বড় বাজেটের ছবি এনটিআরনীল–এর কাজ করছেন। আগামী বছরের জুনেই মুক্তি পাবে ছবিটি।