
ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 22 August 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। উত্তাল শহর। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সকলে। এই পরিস্থিতিতে আনন্দ-উৎসবে নারাজ টলিউড। কেউ টিজার মুক্তি পিছিয়ে দিচ্ছে, কেউ বাতিল করছে প্রিমিয়ার। এবার স্থগিত ‘যমালয়ে জীবন্ত ভানু’র মুক্তি। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি আপাতত মুক্তি পাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে নির্মাতারা।
৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’। যাঁর অভিনয় আজও দেখলে চোখ ফেরানো যায় না, সেই ভানু বন্দ্যোপাধ্যায়কে দর্শকদের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক। সেই ভাবনা থেকেই এই ছবি তৈরি। ২৬ আগস্ট ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান আবহে সবটাই স্থগিত করা হয়েছে। নির্মাতাদের লক্ষ্য, নির্যাতিতা বিচার পান।
ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি উপলব্ধি করেছেন, ভানু যদি বেঁচে থাকতেন নিশ্চিত তিনিও আন্দোলনে যোগ দিতেন। বিচারের দাবিতে পথে নেমেছে টলিউড থেকে সঙ্গীত মহল। শাশ্বত চট্টোপাধ্যায়কেও পা মেলাতে দেখা যায়।
আরজি কর-কাণ্ডের পর শহরের বর্তমান যা পরিস্থিতি, তাতে আশানুরূপ ফল করতে পারছে না রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’। এ নিয়ে নির্মাতাদের কোনও অনুযোগ নেই। সকলেরই মত, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিচার পান নির্যাতিতা।