প্রকাশিত টিজারে দেখা যায়, মঙ্গলপুর নামের এক রহস্যময় জায়গাকে কেন্দ্র করেই এগোবে গল্প। সেখানে এক অদ্ভুত আতঙ্কের কথা শোনা যায়। কথিত আছে, ওই অঞ্চলে কেউ বিয়ে করলে তাকে হত্যা করে এই রহস্যময় আত্মা। তা ঘিরেই এগোতে থাকে গল্প। যা অতীতের বেশ কয়েকটি ছবির কথাই মনে করিয়ে দেয়।

শেষ আপডেট: 12 March 2026 15:08
দ্য ওয়াল ব্যুরো: ‘ভূত বাংলা’ (Bhoot Bangla) ছবির হাত ধরে আবারও চর্চায় ফিরেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। কিছুদিন ধরেই ছবির গান নিয়ে বেজায় চর্চা তুঙ্গে ছিল সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তি পেল ছবির প্রথম টিজার। আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই হরর-কমেডি। দীর্ঘ প্রায় ষোলো বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে আবারও কাজ করছেন অক্ষয় কুমার। এর আগে তাঁদের জুটি একাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছে। তাই নতুন ছবিটি ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। এই ছবির বাড়তি আকর্ষণ হল অভিনেতা যিশু সেনগুপ্ত। ছবিতে তিনি কাজ করেছেন, সেই খবর ছিল আগেই। তবে এবার টিজারে দেখা গেল তাঁকে এক ঝলক।
প্রকাশিত টিজারে দেখা যায়, মঙ্গলপুর নামের এক রহস্যময় জায়গাকে কেন্দ্র করেই এগোবে গল্প। সেখানে এক অদ্ভুত আতঙ্কের কথা শোনা যায়। কথিত আছে, ওই অঞ্চলে কেউ বিয়ে করলে তাকে হত্যা করে এই রহস্যময় আত্মা। তা ঘিরেই এগোতে থাকে গল্প। যা অতীতের বেশ কয়েকটি ছবির কথাই মনে করিয়ে দেয়।
ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি দেখা যাবে পরেশ রাওয়াল, টাবু, ভামিকা গাব্বি, রাজপাল যাদব, মিথিলা পালকার, যিশু সেনগুপ্ত, রাজেশ শর্মা এবং প্রয়াত অভিনেতা আসরানিকে। প্রথম ঝলকেই অক্ষয়কে দেখা গেছে তাঁর চেনা কৌতুক লুকে।
এই ছবির অন্যতম আকর্ষণ বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। টলিউডের পাশাপাশি গত কয়েক বছরে তিনি হিন্দি ছবিতেও নিজের জায়গা তৈরি করেছেন। বিদ্যা বালন অভিনীত ‘শকুন্তলা দেবী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ‘মর্দানি ২’, ‘সড়ক ২’ এবং ‘নেতাজি সুভাষচন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। ধীরে ধীরে সর্বভারতীয় দর্শকদের কাছেও পরিচিত মুখ হয়ে উঠছেন তিনি।
তাই টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের জুটি মানেই বিনোদনের নিশ্চয়তা, তাই ছবিটি নিয়েও তাঁদের প্রত্যাশা অনেক। কেউ কেউ আবার অতীতের বেশ কিছু ছবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে বেশ কিছু দর্শকের মতে, এই ছবিই অক্ষয়ের ভাগ্য ফেরাতে চলেছে।
সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। পর্দায় এখন সেভাবে কোনও ছবি নেই। সামনেই মুক্তি পেতে চলেছে ধুরন্ধর ২, তার তিন সপ্তাহের মাথায় পর্দায় আসতে চলেছে এই ছবি। এখন অপেক্ষা, প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ‘ভূত বাংলা’।