একটা সময় গোটা শহর মুখে মুখে ফিরত রুমকি-ঝুমকি জুটির নাম। মঞ্চ কাঁপানো সেই দুই বোনের গল্প আজ শুধুই স্মৃতি। প্রয়াত হলেন তনুশ্রী রায় ভট্টাচার্য—অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি, যিনি ছোটবেলায় ‘ঝুমকি’ নামে পরিচিত ছিলেন। দেবশ্রী ছিলেন ‘রুমকি’।

শেষ আপডেট: 10 July 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় গোটা শহর মুখে মুখে ফিরত রুমকি-ঝুমকি জুটির নাম। মঞ্চ কাঁপানো সেই দুই বোনের গল্প আজ শুধুই স্মৃতি। প্রয়াত হলেন তনুশ্রী রায় ভট্টাচার্য—অভিনেত্রী দেবশ্রী রায়ের দিদি, যিনি ছোটবেলায় ‘ঝুমকি’ নামে পরিচিত ছিলেন। দেবশ্রী ছিলেন ‘রুমকি’। একসঙ্গে গান, নাচ আর মঞ্চে তাদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হতো দর্শক। সেই সোনালী যুগের পর্দা নামল আজ চিরতরে।
দক্ষিণ কলকাতার বাড়িতে বসেই এল সেই হৃদয়বিদারক খবর। বৃহস্পতিবার সকালে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঝুমকি। বয়সের ভার না থাকলেও নিয়তির নিষ্ঠুর পরিহাস যেন, শোকস্তব্ধ দিদি দেবশ্রী। এখনও পর্যন্ত তিনি কোনও প্রতিক্রিয়া না জানালেও, তাঁর ঘনিষ্ঠদের চোখে জল স্পষ্ট।
বলিউড তারকা রানি মুখোপাধ্যায় এবং রাজা মুখোপাধ্যায়ের মাসি ছিলেন ঝুমকি। খবর পেয়ে মুম্বই থেকে তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন রাজা মুখোপাধ্যায়।

মাত্র কয়েকদিন আগেই রানিকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে—হাতে ১৩ লক্ষ টাকার ব্যাগ, চোখে চশমা, মুখে হাসি। কে জানত, ক’দিন পরই তাঁর পরিবারের বুক চিরে আসবে এমন দুঃসংবাদ!
এক ঘরোয়া অনুষ্ঠানে কিছুদিন আগেই দুই বোনকে দেখা গিয়েছিল একসঙ্গে—গানে, আড্ডায়, আনন্দে। লাল-সাদা বেলুনে সাজানো ঘরে আবারও ফিরেছিল সেই পুরনো রুমকি-ঝুমকির ম্যাজিক। কে জানত, সেটাই হবে শেষবার!
আজ থেকে আর কোনও মঞ্চে, কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে না রুমকি-ঝুমকিকে। রইল শুধু পুরনো অ্যালবাম আর অজস্র স্মৃতির ঝাঁপি। বিদায় ঝুমকি, হাসি-আবৃত সেই স্বর্ণালী দিনগুলো বেঁচে থাকবে সবার মনে।