এ বছরটা জিতু কামালের। গত বছরের বিচ্ছেদ পর্বের ব্যাগেজ পিছনে ফেলে পেশাগত জীবনে একের পর এক ছাপ ফেলছেন তিনি।

শেষ আপডেট: 22 October 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: এ বছরটা জিতু কামালের। গত বছরের বিচ্ছেদ পর্বের ব্যাগেজ পিছনে ফেলে পেশাগত জীবনে একের পর এক ছাপ ফেলছেন তিনি।
ধারাবাহিকে ফিরেছেন, শুধু যে ফিরেছেন তা কিন্তু নয়। তাঁর ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' এই মুহূর্তে বেশ ভাল পারফর্ম করছে টিআরপি তালিকায়। এরই মধ্যে ফের সুখবর দিলেন জিতু। মহাদেবকে ধন্যবাদ জানিয়ে, শেয়ার করলেন তাঁর নতুন কাজের কথা।
জিতুর আগামী ছবির নাম 'এরাও মানুষ, দ্য সার্চ উইদিন'। ছবিটি পরিচালনা করতে চলেছেন অমিত তালুকদার এবং সাই প্রকাশ লাহিড়ী। কারা থাকছেন জিতুর সঙ্গে? নায়িকা হিসেবে উঠে আসছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম।

যদিও এ বিষয়ে কোনও কিছুই অফিসিয়াল নয়। দ্য ওয়ালের তরফে জিতুকে ফোন করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে। এর আগে জিতুর সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে সেই ছবিগুলি বক্সঅফিসে খুব একটা সফলতা আনেনি। বরং রটেছিল তাদের প্রেমের গুঞ্জন, যদিও তা প্রমাণের অভাবে ধোপে টেকেনি।
মাস কয়েক আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হিরো হিসেবে দেখা গিয়েছিল জিতু কামালকে। অভিনয় করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি 'গৃহপ্রবেশ'-এ। ছবিতে জিতুর অভিনয় চমকে দিয়েছিল সকলকে। সেই ছবি এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে।
কাজ যেমন চলছে, পাল্লা দিয়ে বেড়েছে বিতর্কও। সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর বিবাদ প্রকাশ্যে এসেছিল। যদিও এই মুহূর্তে সব ঠাণ্ডা। কিছু দিন আগে দিতিপ্রিয়া জানিয়েছিলেন তাঁর অসুস্থতার কথা। সে সময় পাশে ছিলেন জিতু। বাংলা ইন্ডাস্ট্রিতে তথাকথিত হিরোর আগমন হয়নি বহুযুগ। বহু পরিচালকের রায়, জিতু সেই জায়গা খানিক ভরতি করার ক্ষমতা রাখেন। একাধারে কমার্শিয়াল বা অন্য ঘরানার ছবি, দু'টিতেই চৌখস তিনি। এই ছবিতে কতটা নিজের ছাপ ফেলতে পারেন এই অভিনেতা, এখন শুধু সেটাই দেখার।